
শেষ আপডেট: 30 June 2023 16:56
দ্য ওয়াল ব্যুরো: ফল প্রকাশের পর নম্বর মনের মতো হয়নি। তাই স্ক্রুটিনি করতে দিয়েছিল খাতা (Madhyamik exam scrutiny result)। সেই স্ক্রুটিনিতেই নম্বর বাড়ার পর একেবারে বদলে গেল মাধ্যমিকের র্যাঙ্ক! তাও একজনের নয়, একই সঙ্গে জায়গা অদল বদল হয়ে গেল ৯ জনের!
শুক্রবার সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের মেধা তালিকায় অদল বদলের কথা ঘোষণা করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তাতেই দেখা গেছে, প্রাথমিক মেধাতালিকায় দশের মধ্যেও ছিল না, এমন ৪ জন পড়ুয়া স্কুটিনির পর নাম্বার বাড়ার ফলে উঠে এসেছে প্রথম দশজনের মধ্যে। এই ৪ জন হল বাঁকুড়া জিলা হাইস্কুলের প্রীতম দাস, রামধুলা হাইস্কুলের দীপময় বসাক, নাচিন্দা জেকে গার্লস হাইস্কুলের অনুদীপা দাস এবং কামারপুকুর রামকৃষ্ণ মাল্টিপারপাস স্কুলের অঙ্কন নন্দী। বর্তমান মেধা তালিকায় এদের স্থান যথাক্রমে নবম, নবম, দশম এবং দশম।
স্ক্রুটিনিতে ১ নম্বর বেড়ে তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র মাহির হাসান। এছাড়া আগে ষষ্ঠ স্থানাধিকারী বর্ধমান মিউনিসিপাল হাইস্কুলের ছাত্র প্রাণীল জশ ১ নম্বর বেড়ে উঠে এসেছে পঞ্চম স্থানে।
সাংবাদিক বৈঠকে রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এই বছর মধ্য়শিক্ষা পর্ষদ আংশিকভাবে অনলাইনে কাজ করার ফলে অন্যান্য বছরের তুলনায় অনেকটাই আগে মাধ্যমিকের রিভিউ এবং স্ক্রুটিনির ফল প্রকাশ করা হয়েছে এই বছর। ভবিষ্যতে এই প্রক্রিয়া আরও দ্রুত হবে বলে আশাবাদী তিনি।
শুভেন্দুকে ধরা হচ্ছে না কেন, সায়নীকে ইডির জেরার দিনে প্রশ্ন অভিষেকের