
শেষ আপডেট: 19 May 2023 07:31
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার ২০২৩ সালের মাধ্যমিকের ফলপ্রকাশের পাশাপাশিই আগামী বছরের পরীক্ষার সময়সূচি (Madhyamik 2024 Exam Date) ঘোষণা করে দিলেন পর্ষদ (board) সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। ২০২৪ সালে যেহেতু লোকসভা নির্বাচন, তাই পরীক্ষার দিনক্ষণ এগিয়ে আনা হয়েছে। রামানুজবাবু জানিয়েছেন, আগামী বছর ২ ফেব্রুয়ারি শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১২ ফেব্রুয়ারি।
উল্লেখ্য, এবছর মোট ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন পরীক্ষার্থী মাধ্যমিক দিয়েছিল। এদের মধ্যে পাশ করেছে ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন। অকৃতকার্য হয়েছে ১ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ হয়েছে এবারের মাধ্যমিকের। এদিন মাধ্যমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে মেধাতালিকা প্রকাশ করেন। সেই মেধা তালিকায় জায়গা করে নিয়েছে ১১৮ জন।
এদিন বেলা বারোটা থেকে অনলাইনে ফল জানা যাচ্ছে। মাধ্যমিকের ফলাফল জানার জন্য মাধ্যমিক শিক্ষা পর্ষদের তিনটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। www.wbbse.gov.in, www.wbbse.org ও www.wbresults.nic.in - এই তিনটি ওয়েবসাইট থেকেই ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীরা। এছাড়াও এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।