
শেষ আপডেট: 18 May 2023 07:24
দ্য ওয়াল ব্যুরো: এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। জখম আরও অনেকে। এই ঘটনায় বিরোধীরা যখন পুলিশি ব্যর্থতা নিয়ে সরব তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra On Egra Blast)। তাঁর দাবি, পুলিশের অন্তর্ঘাতের কারণে এগরার ঘটনা ঘটেছে।
মদনের কথায়, "পুলিশ চুকলি করেছে। অন্তর্ঘাত না হলে এই ঘটনা হয়! আমাদের আইবি কী করছিল?" এখানেই থামেননি মদন। কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, "পুলিশের শরীরী ভাষা বদলে গিয়েছে। তারা অন্যদের কথায় নাচছে।"
বিরোধীরা বারবার একটা কথা বলেন। তাঁদের বক্তব্য, তৃণমূল পার্টিটা টিকে আছে শুধু পুলিশের ভরসায়। যেদিন পুলিশ সরে যাবে সেদিন পার্টিও উঠে যাবে। শাসকদলের বিধায়ক যখন বিস্ফোরণের ঘটনাকে পুলিশের অন্তর্ঘাত বলছেন তখন তা অর্থবহ বলেই মত অনেকের।
মদনের এই কথা প্রসঙ্গে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ী বলেন, "তৃণমূলের বিধায়ক যদি পুলিশের অন্তর্ঘাতের অভিযোগ করেন তাহলে তো পুলিশমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দায় বর্তায়। মদন মিত্র কি সেটাই বলতে চেয়েছেন?"
বাম আমলে সিপিএমের জেলা সংগঠনে পুলিশ দেখার জন্য সম্পাদকমণ্ডলীর একজনকে দায়িত্ব দেওয়া থাকত। অনেকের মতে, সিপিএমে বিকেন্দ্রীকরণ ছিল। তৃণমূলে সেটাই কিছুটা কেন্দ্রীভূত। বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ্যমন্ত্রিত্বের শেষ দিকে সিপিএমের অনেক বাঘা বাঘা নেতাকে বলতে শোনা যেত, পুলিশের হাবভাব বদলে গিয়েছে। তারা কথা শুনছে না। মদনের গলাতেও এদিন কার্যত একই সুর শোনা গিয়েছে বলে মত অনেকের।
অভিষেক, কুন্তলকে কেন ৫০ লক্ষ টাকা জরিমানা, বিচারপতি গঙ্গোপাধ্যায় কী বলেছিলেন