
শেষ আপডেট: 8 August 2023 12:43
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে মা-উড়ালপুলের ক্ষতিগ্রস্থ অংশে মেরামতির কাজে ছাড়পত্র দিল ট্রাফিক পুলিশ (Maa flyover repair)। ইস্ট ট্র্যাফিক গার্ডের তরফে অনুমতি মেলার পরেই সেই কাজ শুরু হতে চলেছে।
দীঘদিন ধরেই শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ফ্লাইওভার মা-উড়ালপুলে মেরামতির কাজ শুরু হওয়ার কথা শোনা যাচ্ছিল। তবে দিনক্ষণ জানা যায়নি এতদিন। তবে মঙ্গলবার কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটির (KMDA) তরফে জানানো হয়েছে, এদিন রাত থেকেই শুরু হয়ে যাচ্ছে সারাইয়ের কাজ। আগামী ৫ দিন ধরে কাজ চলবে ফ্লাইওভারে। রাত সাড়ে ১০টা থেকে পরের দিন সকাল ৭টা পর্যন্ত ৫ দিন ধরে একটু একটু করে কাজ এগোবে। সেই সময় যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।
সূত্রের খবর, উড়ালপুলের জায়গায় জায়গায় খানাখন্দ তৈরি হয়েছে। বর্ষায় জল জমে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। এছাড়া যানজটও রোজের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যেহেতু এটি শহরের অন্যতম ব্যস্ত রাস্তা, তাই যান চলাচল বন্ধ রাখলে অন্য রাস্তার উপর চাপ পড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে মেরামতির কাজ ফেলে রাখাও যাচ্ছিল না। তাই কেএমডিএ কর্তাদের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠকের পর অবশেষে সারাইয়ের কাজ করার অনুমতি দিয়েছে ট্রাফিক পুলিশ (Kolkata Traffic Police)।
সূত্রের খবর, রাস্তা মেরামতির কাজের সঙ্গে সঙ্গেই উড়ালপুলের জায়গায় জায়গায় সিসিটিভি এবং বৈদ্যুতিন যন্ত্রপাতিরও কাজ করা হবে।
রেললাইন পেরোতে গিয়ে একরত্তি ছেলেকে নিয়ে মৃত্যু মায়ের, বেলডাঙায় মর্মান্তিক দুর্ঘটনা