
শেষ আপডেট: 20 May 2022 10:19
দ্য ওয়াল ব্যুরো: মেয়েকে অপহরণ করা হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেছিলেন বাবা। তদন্তও শুরু হয় সেইমতো। কয়েক দিন পরেই থানায় এসে হাজির হয় সেই 'অপহৃত' কিশোরী, সঙ্গে তার প্রেমিকও! কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পত্রপাঠ সেই প্রেমিককে গ্রেফতার করে নেয় পুলিশ। মেয়েটি অবশ্য আপত্তি জানায় তখনই, জানায় সে নিজের ইচ্ছেয় বাড়ি ছেড়েছিল। অপহৃত হয়নি। এমনকি বাড়ি ফিরতেও রাজি হয়নি মেয়েটি, পুলিশের কাথে দাবি করেছিল, তাকে যেন কোনও হোমে রাখা হয়। ১৮ বছর বয়স হলে এই প্রেমিককেই বিয়ে করবে সে, তার পরে বাড়ি ফিরবে (Lovestory)।
বারুইপুরের এই নাটকীয় ঘটনার পরে আট বছর কেটে গেছে। সেদিনের সেই কিশোরী তরুণী হয়েছেন। সেই ভালবাসার মানুষ স্বস্তিক নায়েককে বিয়েও করেছেন তিনি, ছ’বছরের এক কন্যাসন্তানকে নিয়ে আনন্দে সংসারও করছেন। কিন্তু সিনেমার মতো এই চিত্রনাট্যে একটাই কালো দাগ থেকে গেছিল। আট বছর আগের সেই অপহরণ মামলা চলছিল আদালতে। অবশেষে নিষ্পত্তি হল তার।
অভিযুক্ত স্বস্তিক নায়েককে বেকসুর খালাস ঘোষণা করল বারুইপুর দায়রা আদালত। আদালত জানায়, মামলার সমস্ত দিক খতিয়ে দেখেই অভিযুক্তকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হল। আদালতের এই রায় শুনে কেঁদে ফেলেন স্বস্তিক ও তাঁর প্রেমিকা তথা স্ত্রী মণিদীপা (Lovestory)। বিচারককে হাতজোড় করে প্রণামও করেন তাঁরা। এক বিশাল পাথর বুক থেকে নামিয়ে বাড়ি ফিরে যান তাঁরা। তাঁদের আইনজীবী সুবীররঞ্জন চক্রবর্তী বলেন, আদালতের এই রায় এক কথায় নজিরবিহীন। সারা জীবন যেন সুখে থাকেন স্বস্তিক-মণিদীপা।
জানা গেছে, ২০১৮ সালের এই মামলায় প্রথম থেকেই মণিদীপা বয়ান দিয়ে এসেছেন, তাঁকে অপহরণ করা হয়নি। তিনি স্বস্তিককে মনপ্রাণ দিয়ে ভালোবাসেন। তিনি স্বেচ্ছায় তাঁর সঙ্গে বাড়ি থেকে পালিয়েছিলেন। এমনকি ১৮ বছর পূর্ণ হওয়ার পরে তিনি স্বস্তিককে বিয়েও করেছেন। তাঁরা আনন্দে ঘর-সংসারও করছেন (Lovestory)।
তার পরেও মামলার জট কাটেনি এত বছর ধরে। স্বস্তিকের হয়ে আদালতে সাক্ষ্যও দেন মোট চারজন। শেষপর্যন্ত মামলা থেকে মুক্তি পেলেন তিনি। তাঁর তিন আত্মীয়কেও এই মামলাতেই অভিযুক্ত করা হয়েছিল, খালাস পেয়ছেন তাঁরাও।
বারুইপুর আদালতে তার পর থেকে কান পাতলেই ভাসছে, এমন ভালবাসার (Lovestory) নজির খুব কমই দেখা যায়। প্রেমের জন্য প্রতীক্ষা ও ধৈর্যের যে ভূমিকা পালন করেছেন মণিদীপা, তা যেন উদাহরণ হয়ে থাকল।
বিদেশ থেকে শতাধিক দুর্গা প্রতিমার বায়না এসেছে পটুয়াপাড়ায়! করোনার পরে রেকর্ড ভাঙা বিক্রি