দ্য ওয়াল ব্যুরো: লাভলি মৈত্রের অনুষ্ঠান মঞ্চে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটল। রবিবার সকালে অনুষ্ঠান ছিল। কিন্তু সোনারপুর দক্ষিণের বিধায়ক মঞ্চে উঠতেই পারলেন না। কারণ আগের দিন রাতেই পুড়ে ছাই হয়ে গিয়েছে সাজানো মঞ্চ। কেন এমন ঘটল? তদন্ত করছে পুলিশ।
শাসকদলের অভিযোগ, চক্রান্ত করে এই অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়েছে। রবিবার সকালে সোনারপুরের ব্লু স্কাই মাঠে অনুষ্ঠান করার কথা ছিল লাভলি মৈত্রের। সেখানে তিনি শিশুদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করবেন ঠিক ছিল। বিধায়কের জন্য আগে থেকেই অনুষ্ঠান মঞ্চ সাজিয়ে রেখেছিলেন আয়োজকরা।
কিন্তু সূত্রের খবর, শনিবার গভীর রাতে ওই অনুষ্ঠান মঞ্চে আগুন লেগে যায়। পুলিশ এসে আগুন নেভানোর জন্য তৎপরতা শুরু করলেও ততক্ষণে মঞ্চ পুড়ে ছাই হয়ে যায়।
অনুষ্ঠান ভেস্তে দিতেই পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটানো হয়েছে, তেমনটাই দাবি আয়োজকদের। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফেও ঘটনার তীব্র সমালোচনা করা হয়েছে। তাঁদের দাবি, ভোটে জেতার পর থেকে একের পর এক জনকল্যাণমূলক কাজ করছেন লাভলি। এলাকায় তাঁর জনপ্রিয়তাও বাড়ছে। তা সহ্য করতে না পেরেই এই ঘটনা ঘটানো হয়েছে।
ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আগুনের জেরে অবশ্য লাভলি মৈত্রের অনুষ্ঠান বাতিল হয়নি। অগ্নিদগ্ধ মঞ্চের পাশে দাঁড়িয়েই শিশুদের খাবার, জামাকাপড় দিয়েছেন তিনি, পরিকল্পনা মাফিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোনারপুর দক্ষিণের বিধায়কের বক্তব্য, 'এমন কাজ যারা করেছে পুলিশ তাদের খুঁজে বের করবে। আমার প্রশাসনের উপর ভরসা আছে। আমরা কয়েকজনের নাম জমা দিয়েছি।'