
শেষ আপডেট: 8 February 2023 09:10
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: বাসন্তীতে (Basanti) বোমা বিস্ফোরণের ঘটনার পর এক সপ্তাহও কাটেনি। ওই ঘটনাকে নিয়ে এখনও উত্তপ্ত গোটা এলাকা। এরমধ্যেই সেখানে রাস্তার ধারে উদ্ধার (recover) হল গুচ্ছ গুচ্ছ ভোটার কার্ড (voter cards)। বুধবার সকালে এই নিয়ে তোলপাড় পড়ে যায় এলাকায়। পঞ্চায়েত ভোটের আগে গ্রামের মধ্যে প্রচুর ভোটার কার্ড উদ্ধারকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।
এবছরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তা নিয়ে ইতিমধ্যে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। তেমনই গ্রামে গ্রামে পাল্লা দিয়ে বাড়ছে অশান্তিও। এরমধ্যেই বাসন্তীতে রাস্তার ধার থেকে উদ্ধার হল প্রচুর ভোটার কার্ড। বুধবার সাতসকালে গ্রামবাসীরা রাস্তায় বেরিয়ে দেখেন, রাস্তার পাশে প্রচুর ভোটার কার্ড পড়ে রয়েছে। যে জায়গায় ভোটার কার্ডগুলি পড়েছিল, সেখান দিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করেন। কিন্তু কে বা কারা কখন এসে ওই ভোটার কার্ডগুলি ফেলে রেখে গিয়েছেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
এদিন সকাল সকাল এমন ঘটনার খবর পেয়ে গ্রামে যায় পুলিশ। তাঁরা ভোটার কার্ডগুলি উদ্ধার করে। দেখা গিয়েছে, কার্ডগুলির বেশিরভাগই উত্তর ২৪ পরগনার। কেউ হালিশহর, নৈহাটি, ব্যারাকপুরের বাসিন্দা, কারও বাড়ি আবার বারাসত-বসিরহাট এলাকার। সেখান থেকে এই কার্ডগুলি বাসন্তীতে এল, তা নিয়ে ধন্দে সকলেই।
ইতিমধ্যে ঘটনায় তদন্ত দাবি করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এলাকার এক বিজেপি নেতার বক্তব্য, "কয়েকদিন আগেই এলাকায় বোমা বিস্ফোরণ হয়েছে। এবার রাস্তার ধারে কয়েকশো ভোটার কার্ড পাওয়া গিয়েছে। বিষয়টা একেবারেই স্বাভাবিক লাগছে না। ভোটের আগে এলাকায় দুষ্কৃতী ঢোকানোর চেষ্টা চলছে। জঙ্গিযোগের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।"
রাজ্যপাল ভাষণ পড়ছেন, শুনতেই দিচ্ছেন না শুভেন্দুরা, হেড ফোন লাগালেন মমতা