
শেষ আপডেট: 20 December 2022 15:58
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: মণিপুরী যুবককে বাড়ি ফেরাল হ্যাম রেডিও ( Hamm Radio ) । মঙ্গলবার বিকালে শিয়ালদহ-দক্ষিণ শাখার ক্যানিং স্টেশন থেকে আত্মীয়দের সঙ্গে বাড়ির পথে রওনা হয় স্বপম দিলীপকুমার সিং ( Lost Manipuri Man Found From Canning )।
জানাগিয়েছে, মণিপুরের পশ্চিম ইম্ফলে জেলার লাম্ফেল থানার বাসিন্দা স্বপম্। বটানিতে স্নাতোত্তর পাশ করেছেন। চাকরির জন্য বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছেন। কিন্তু চাকরি না পেয়ে হতাশ ভুগতে শুরু করেন। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।
২০২১ সালে ১২ ডিসেম্বর বাড়ি থেকে আচমকাই মণিপুরের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান ওই যুবক। অনেক খোঁজাখুঁজির পরেও পরিবারের লোকজন তাঁর খোঁজ পাননি। মণিপুরের লাম্ফেল থানাতেও একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেন তাঁরা।
পাইপ ফুটো হয়ে মাঠে গড়াচ্ছে ডিজেল, ঘরে তুলতে হুড়োহুড়ি পানাগড়ে
এদিকে ঘুরতে ঘুরতে ক্যানিং স্টেশনে চলে আসেন স্বপম্। গভীর রাতে ওই যুবককে ক্যানিং স্টেশনে ঘুরতে দেখে আরপিএফের সন্দেহ হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে আরপিএফ। বুঝতে পারেন, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। কোনভাবে চলে ক্যানিংয়ে চলে এসেছে। যুবকের পরিবারকে খুঁজতে আরপিএফ হ্যাম রেডিও সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা মণিপুরে যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
খবর পেয়েই মঙ্গলবার সকালেই বিমানে করে কলকাতায় আসেন ওই যুবকের পরিবার। সেখান থেকে ক্যানিং স্টেশনে পৌঁছে যান তারা। সেখানে ক্যানিং স্টেশনের আরপিএফ আধিকারিক পঙ্কজ কুমারের উপস্থিতিতে স্বপমকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়ে খুশি স্বপমের পরিবার। আরপিএফ ও হ্যাম রেডিও ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।