
শেষ আপডেট: 27 December 2022 08:38
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: সাতসকালে মুর্শিদাবাদের রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা ( Murshidabad Accident )! বহরমপুরগামী যাত্রীবাহী বাসের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষে ৫৫জন আহত হন। দুর্ঘটনায় বাস চালকের মৃত্যু হয়েছে ( Bus Driver Died )। তাঁর নাম স্বপন সরকার। বছর পঞ্চাশের স্বপনবাবুর বাড়ি কাশিমবাজারে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন লরির চালক ও খালাসি।
মঙ্গলবার ইসলামপুর থেকে প্রায় ৫০জন যাত্রীকে নিয়ে বহরমপুরের দিকে যাচ্ছিল একটি বেসরকারি বাস। ভোরের দিকে কুয়াশায় আচ্ছন্ন হয়েছিল চারিদিক। দৃশ্যমানতাও কম ছিল। দৌলতাবাদের নয় মাইলে বাস ও উল্টো দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। বিকট আওয়াজে দুর্ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই পুলিশকে খবর দেন। এরপর স্থানীয় বাসিন্দা ও পুলিশবাহিনীর সহযোগিতায় বাস ও লরির চালক, খালাসি সহ যাত্রীদের উদ্ধার করে বহরমপুর হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতাল সূত্রে খবর, সেখানে আসার কিছুক্ষণের মধ্যে বাস চালকের মৃত্যু হয়। লরি চালক ও খালাসির অবস্থাও আশঙ্কাজনক। ১৫জন বাসযাত্রী আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।