
শেষ আপডেট: 15 February 2023 09:52
দ্য ওয়াল ব্যুরো: ৬০ বছর (60 yrs) পেরোলে 'লক্ষ্মীর ভাণ্ডার' (Lokkhir Bhandar) সুবিধা পেতেন না মহিলারা। বার্ধক্য ভাতার (Oldage Pension) জন্য আলাদা করে আবেদন করতে হয় তাঁদের। কিন্তু এবার সেই ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে চলেছেন রাজ্যের মহিলারা। বুধবার বিধানসভায় আগামী অর্থবর্ষের জন্য বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, '৬০ বছর পরেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হবে না। লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা ৬০ পেরলেই প্রতিমাসে ১ হাজার ভাতা পাবেন।'
রাজ্য সরকারের নানা প্রকল্পের মধ্যে অন্যতম সফল প্রকল্প হল 'লক্ষ্মীর ভাণ্ডার'। এই প্রকল্পের আওতায় মহিলারা মাসে ৫০০ টাকা করে ভাতা পেয়ে থাকেন। তফসিলি জাতি ও উপজাতি মহিলারা ১০০০ টাকা করে পান। কিন্তু ৫৯ বছর বয়সি পর্যন্ত মহিলারাই এই সুবিধা পেতেন।
২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে অর্থমন্ত্রী জানান, রাজ্যের ১.৮৮ কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আনা হচ্ছে। ৬০ বছর পরেও যাতে মহিলাদের ভাতা বন্ধ না হয় সেই লক্ষ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রাপকদের সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন। প্রতি মাসে ১ হাজার টাকা পেনশন পাবেন তাঁরা।'
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন ভাতার ঘোষণার পাশাপাশি আরও একাধিক প্রকল্প ও সুবিধার কথা বলা হয়েছে বাজেটে। যুবক-যুবতীদের জন্য 'ভবিষৎ ক্রেডিট কার্ড' থেকে শুরু করে রাজ্যের সরকারি কর্মচরীদের জন্য ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন চন্দ্রিমা ভট্টাচার্য।