
শেষ আপডেট: 14 December 2022 14:51
দ্য ওয়াল ব্যুরো: পাহাড়ের কোলে সাহিত্য বাসর। প্রকৃতি ও সাহিত্য সেখানে মিলেমিশে একাকার। উত্তরবঙ্গের জনপ্রিয় দুই পর্যটন কেন্দ্র-লাভা ও রিশপে সদ্য অনুষ্ঠিত হল এই অন্য স্বাদের সাহিত্য উৎসব ( Literature Festival In Rishop ) । পোশাকি নাম ‘পাহাড়পর্ব--পাহাড়ের কোলে পাহাড়ি গল্প’ ( Hill Stories ) । প্রতিযোগিতার মাধ্যমে ১৫টি ছোটগল্পকে বেছে নেওয়া হয়েছিল এই পাহাড়পর্বের জন্য।
রিশপে পাহাড়ের কোলে এক হোম স্টের বাগান সেজে উঠেছিল। সেখানেই বসেছিল সাহিত্যবাসর। প্রকাশনা সংস্থা দ্য কাফে টেবলের উদ্যোগে একঝাঁক সাহিত্যপ্রেমী উপস্থিত হয়েছিলেন এই সাহিত্য উৎসবে। নির্বাচিত লেখক লেখিকাদের এখানে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্যোক্তা, বুকসেলার্স ও পাবলিশার্স গিল্ডের সাধারণ সম্পাদক শ্রী ত্রিদিব চট্টোপাধ্যায়।
ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই সাহিত্য উৎসবের মুখ্য আকর্ষণ ছিল গল্পপাঠের আসর। অনুষ্ঠানের প্রথম দিন অতিথিদের পাহাড়ি রীতিতে বরণ করে নেওয়া হয় পর্যটন সংস্থা দাই সোলমেটের তরফ থেকে। দ্বিতীয় দিন আয়োজন করা হয়েছিল গল্পপাঠের আসরের। নির্বাচিত গল্পগুলিকে নিয়ে দ্য কাফে টেবল আগামী কলকাতা বইমেলায় একটি বই প্রকাশ করতে চলেছে। অনুষ্ঠানে সেই বইয়ের প্রচ্ছদ উন্মোচন করেন ত্রিদিববাবু। উৎসবের শেষ দিন ছিল কর্মশালা। ঘরোয়া আড্ডার পরিবেশে সেই কর্মশালায় ত্রিদিববাবু সকলের সঙ্গে ভাগ করে নেন প্রকাশক হিসেবে তাঁর বিভিন্ন ধরনের অভিজ্ঞতা। নবীন লেখক লেখিকা এবং প্রকাশকদের আরো বেশি করে পাঠক হয়ে ওঠারও পরামর্শ দেন তিনি।
বিজেপির বিধায়কের স্ত্রীর নাম আবাস যোজনায়, তোলপাড় ফেলে দিল তৃণমূল
প্রকাশনা সংস্থা বিজ্ঞাপন দিয়ে গল্প পাঠানোর আহ্বান জানিয়েছিল। বলা হয়েছিল গল্প হতে হবে পাহাড়কেন্দ্রীক, যার মাধ্যমে উঠে আসবে পাহাড়ের মানুষের জীবনযাত্রার ছবি। মোট ৮৫টি গল্প জমা পড়ে দ্য কাফে টেবলের মেলে। সেখান থেকে অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হয় ১৫টি সেরা গল্পকে। ত্রিদিববাবু জানান প্রথম যেদিন উদ্যোক্তাদের তরফ থেকে তাঁকে এই সাহিত্য উৎসবের বিষয়ে জানানো হয়, সেদিনই এই ভাবনাটি তাঁর অভিনব মনে হয়েছিল। দ্য কাফে টেবলের অন্যতম কর্ণধার অভিষেক আইচ বলেন, “কেবল পাণ্ডুলিপি পড়া আর বই ছাপা, প্রকাশক হিসেবে এই গণ্ডির বাইরে বেরিয়ে এমন কিছু করতে চেয়েছিলাম যাতে নতুনত্বের স্বাদ থাকবে। সেই থেকেই পাহাড়পর্বের ভাবনা নিয়ে এগিয়ে যাই আমরা।”
অনুষ্ঠানে যোগ দিতে পেরে আপ্লুত লেখক লেখিকারাও। “গল্প লিখে যে পাহাড়ে বেড়াতে আসার এবং এমন অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পাওয়া যেতে পারে, তা ভাবতেই পারিনি। অসম্ভব সম্মানিত বোধ করছি।” বলেন লেখক অরিন্দম আচার্য।