
শেষ আপডেট: 31 January 2023 11:05
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: পরীক্ষা দিয়ে গাড়ির লাইসেন্স (License) পেতে আর দীর্ঘদিন অপেক্ষা নয়। এবার মাত্র চার ঘণ্টায় পাওয়া যাবে লাইসেন্স। পরিবহণ দফতরের উদ্যোগে মঙ্গলবার রাজ্যের মধ্যে প্রথম হাওড়াতে (Howrah) এই পাইলট প্রজেক্ট চালু হল। সাঁতরাগাছি বাস টার্মিনাসে এর উদ্বোধন করেন রাজ্যের পরিবহণ মন্ত্রী (Transport Minister) স্নেহাশিস চক্রবর্তী।
মন্ত্রী জানান, পরিবহণ সংক্রান্ত একাধিক নাগরিক পরিষেবা ইতিমধ্যে চালু হয়েছে। আরও কিছু পরিষেবা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যারমধ্যে অনলাইন ডিজিটাল লাইসেন্স পরিষেবা রয়েছে। পরীক্ষা দেওয়ার চার ঘণ্টার মধ্যে মোবাইলে লাইসেন্সের কপি চলে আসবে। এরপর গাড়ি চালাতে আর কোনও অসুবিধা হবে না। পরে ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাড়িতে স্মার্টকার্ড লাইসেন্স পৌঁছে দেবে পরিবহণ দফতর।
ফ্যান্সি নম্বর দেওয়ার ক্ষেত্রেও এবার নিলাম ডাকার সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। সেক্ষেত্রে নিলামে ওঠা সর্বোচ্চ দর যে গাড়ির মালিক দেবেন তিনি ফ্যান্সি নম্বর পাবেন। গাড়ি কেনার আগে ফ্যান্সি নম্বর বুক করা যাবে। FIFO (first in first out) পরিষেবা চালু করা হচ্ছে। মন্ত্রী বলেন, “দালালরাজ বন্ধ করতে এই অনলাইন পরিষেবা। যিনি আগে আবেদন করবেন তিনি আগে পরিষেবা পাবেন। পরিবহণ ব্যবস্থাকে স্বচ্ছ রেখে মানুষকে দ্রুত পরিষেবা দিতে এই উদ্যোগ। মানুষ মোটর ভেহিকেলস অফিসে না এসেও কাজ করাতে পারবেন।”
বেআইনি টোটো চলাচলের ফলে যানজট বাড়ছে। এ নিয়ে প্রচুর অভিযোগ আসছে। মন্ত্রী বলেন, টোটোর জন্য বিভিন্ন জায়গায় যানজট হচ্ছে। তাই এবার বেআইনি টোটো রুখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যে সমস্ত জায়গাতে বেআইনি টোটো উৎপাদন হয় সেগুলো বন্ধ করা হবে।