
গাড়ির ধাক্কায় চিতাবাঘ জখম
শেষ আপডেট: 17 January 2025 12:55
দ্য় ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: গাড়ির ধাক্কায় রাস্তায় লুটিয়ে পড়ল চিতাবাঘ। গুরুতর জখম চিতাবাঘটিকে চিকিৎসার জন্য বেঙ্গল সাফারিতে পাঠানো হল। বৃহস্পতিবার গভীর রাতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর রেঞ্জ এলাকায় জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধ্যায় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ চাঁদ মোড়ের কাছে চা বাগান থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল। সেই সময় একটি গাড়ির ধাক্কায় চিতাবাঘটি গুরুতর জখম হয়। গাড়িতে সজোরে ধাক্কা খেয়ে রাস্তায় লুটিয়ে পড়ে প্রাণীটি। জাতীয় সড়কের উপর পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকে। বিকট শব্দ পেয়ে আশপাশ থেকে ছুটে আসা মানুষজন বন দফতরে খবর দেন। ঘোষপুকুর বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত চিতাবাঘটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য বেঙ্গল সাফারি পার্কে পাঠায়।
উত্তরবঙ্গের জঙ্গল এলাকায় রাস্তা পারাপারের সময় চিতাবাঘের মৃত্যু ও জখম হওয়ার ঘটনা নতুন হয়। জঙ্গলের পথে জাতীয় সড়কে গাড়ির গতি বেশি থাকায় হামেশাই বন্য প্রাণীরা তার শিকার হয়। বৃহস্পতিবার রাতেও একই ঘটনার পুনরাবৃত্তি হল।
কয়েক মাস আগেই কমলা চা বাগান সংলগ্ন জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় একটি চিতাবাঘের। ৬ই ডিসেম্বর ঘোষপুকুর ফুলবাড়িতে ২৭ নম্বর জাতীয় সড়কের বাকুইলাইন এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের। ফের দুর্ঘটনায় জখম হল চিতাবাঘ।