
শেষ আপডেট: 13 August 2022 06:08
দ্য ওয়াল ব্যুরো: ধানখেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে শিয়াল (Fox)। আর তার সেই মৃতদেহের পাশে যা দেখা যাচ্ছে, তাতে ভয়ে ঘুম উড়েছে স্থানীয়দের। অজানা জন্তুর পায়ের ছাপ শিয়ালের দেহের পাশে দেখতে পেয়েছেন সকলে। তা থেকেই গ্রামবাসীদের ধারণা, জঙ্গল থেকে চিতাবাঘ (Leopard) বেরিয়ে এসেছে শিয়াল মারার জন্য।
ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি (Mainaguri) ব্রহ্মপুর গ্রাম পঞ্চায়েতের ছাড়ারপার গ্রামে। চা বাগান এলাকায় এমনিতেই চিতাবাঘের আতঙ্ক থাকে সবসময়। সন্ধের পর রাস্তাঘাটে চলাফেরা করতেও ভয় পান মানুষ। তার উপর শিয়ালের মৃতদেহের পাশে অজানা জন্তুর এই পায়ের ছাপ নতুন করে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

জানা গেছে, শনিবার সকালে গ্রামের একটি ধানখেতে রোজকার মতোই কাজ করতে যান স্থানীয় বাসিন্দারা। সেখানে তাঁরা দেখেন, ধানের জমির উপর পড়ে আছে একটি মরা শিয়াল। আর তার সেই নিথর দেহ ঘিরে রয়েছে অজস্র পায়ের ছাপ। পায়ের ছাপ চিতাবাঘের বলেই ধারণা স্থানীয়দের।
গ্রামবাসীরা মনে করছেন, কাছেই চা বাগান রয়েছে। সেখান থেকে চিতাবাঘ বেরিয়ে এসেছিল গত রাতে। তারপর শিয়ালটি মেরে ফেলে রেখে গেছে খেতের মাঝে। পরে এসে নিয়ে যাবে এই শিয়ালের দেহ। এহেন পরিস্থিতিতে অবিলম্বে বন দফতরের হস্তক্ষেপ দাবি করেছেন গ্রামবাসীরা। চিতাবাঘ ফের বেরিয়ে এলে আরও বড় কোনও ক্ষতি হতে পারে বলে আতঙ্কিত তাঁরা। ঘটনার পর রামশাই রেঞ্জের রেঞ্জ অফিসার সুকদেব রায় বলেন, খবর পাওয়া মাত্রই বন দফতরের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।
আরও পড়ুন: সোদপুর সাধুর মোড়ে দুষ্কৃতী তাণ্ডব, একের পর এক অটোতে ভাঙচুর