
শেষ আপডেট: 7 December 2023 17:58
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার আলিপুরদুয়ারের ফালাকাটার জটেশ্বর সংলগ্ন ধুলাগাঁও গ্রামে থেকে উদ্ধার হল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ।
স্থানীয় সূত্রের খবর, চিতাবাঘটির মুখ রক্তাক্ত ছিল। যা থেকে প্রাথমিকভাবে বনকর্তাদের অনুমান, চিতাবাঘটিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।
এ ব্যাপারে নিশ্চিত হতে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছেন বনকর্তারা। জলদাপাড়ার এক বনকর্তার কথায়, ঘটনার প্রবাহ থেকে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গণপিটুনির জেরেই পূর্ণবয়স্ক চিতাবাঘটির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।
বন দফতর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার যে এলাকা থেকে চিতাবাঘটির দেহ উদ্ধার হয়েছে, ওই ধুলাগাঁও গ্রামের এক বাসিন্দার উপর এদিনই হামলা চালায় চিতাবাঘটি। তার কিছুপরেই চিতাবাঘটির মৃত্যু ঘটে। মুখে রক্তক্ষরণের দাগও স্পষ্ট।
ময়নাতদন্তের রিপোর্টে গণপিটুনির অভিযোগ প্রমাণিত হলে গ্রামবাসীদের বিরুদ্ধে এফআইআর করা হবে কিনা, এ ব্যাপারেও আলোচনা শুরু করেছেন বনকর্তারা।
চিতাবাঘের মৃত্যুর খবর পেয়ে এদিন দুপুরে ঘটনাস্থলে পৌঁছন মাদারিহাট রেঞ্জের বনকর্তা-সহ জটেশ্বর ফাঁড়ির পুলিশবাহিনী। জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরাও ঘটনাস্থলে যায়। ঘটনাকে ঘিরে জলদাপাড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তবে চিতাবাঘের মৃত্যুর বিষয়ে মুখ খুলতে চাইছেন না গ্রামবাসীরা।