দ্য ওয়াল ব্যুরো: ফের শীতের ঝাপটা আসছে তেড়েফুঁড়ে। এটাই শীতের শেষ কামড় বলে মনে করছেন আবহবিদরা। সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে উত্তরবঙ্গের কিছু জেলায়। উত্তুরে হাওয়ার দাপটে কমবে রাতের তাপমাত্রা। সপ্তাহান্তে কাঁপিয়ে দেবে রাজ্য।
আজ কলকাতা শহরে সকালে কুয়াশাচ্ছন্ন আকাশ, বেলার দিকে আংশিক মেঘলা। তবে কাল থেকেই মেঘ সরে গিয়ে পরিষ্কার আকাশ দেখা যাবে এবং আরও কমতে শুরু করবে তাপমাত্রা। তবে এবার ছোট্ট স্পেলেই ব্যাটিং করে বেরিয়ে যাবে শীত, স্থায়ী হবে না ঠান্ডার দাপট।
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি। গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। তিন-চার দিনে আরও ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। আগামী কাল সর্বোচ্চ ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা ।
এর পরে শনি-রবিও জমিয়ে শীতের আমেজ উভোগ করা যাবে। রবিবার ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে নামবে কলকাতার তাপমাত্রা।পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি নামবে। পূর্বাভাস বলছে, পয়লা ফেব্রুয়ারি থেকে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা।
দার্জিলিং ও কালিম্পং জেলায় আগামী ২৪ ঘণ্টা শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উপরের দিকে গ্রাউন্ড ফ্রস্টও হতে পারে। অর্থাৎ সাদা হয়ে যাবে পথঘাট। দক্ষিণবঙ্গে আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই ৬ জেলায় হালকা বৃষ্টি হতে পারে।আগামীকাল থেকে আবারও শুষ্ক থাকবে আবহাওয়া।
এদিকে শনিবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে উত্তর পশ্চিম ভারতে। ফলে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সর্তকতা জারি হয়েছে। মধ্য ভারত ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও শৈত্যপ্রবাহের আশঙ্কা জানুয়ারির শেষ সপ্তাহে। তামিলনাড়ুর উপরে আবার রয়েছে একটি ঘূর্ণাবর্ত। ফলে ঝড়বৃষ্টির সম্ভাবনাও বাদ দেওয়া যাচ্ছে না।