
শেষ আপডেট: 22 December 2022 09:29
দ্য ওয়াল ব্যুরো: সিবিআই হেফাজতে বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের মৃত্যু (Lalan Seikh Death Case) নিয়ে তদন্ত কীভাবে চলছে? এই তদন্তের অগ্রগতিই বা কতদূর, রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট (Calcutta High Court)। আগামী শুক্রবারের মধ্যে সেই রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।
সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার-পরিজনেরা। তাদের দাবি, খুন করা হয়েছে লালনকে। সেই অভিযোগে থানায় এফআইআর দায়ের করা হয়। হাইকোর্টে নির্দেশেই ঘটনার তদন্ত করছে সিআইডি। কিন্তু তদন্তের পদ্ধতি নিয়ে বৃহস্পতিবার আদালতে রাজ্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এদিন আদালতে কেন্দ্রীয় এজেন্সির পক্ষ থেকে জানানো হয়, এই ঘটনার তদন্ত এনএইচআরসি গাইডলাইন মেনে হচ্ছে না। ময়নাতদন্তের আগে কেন এফআইআর করা হয়েছে, তা নিয়েও এদিন আদালতে সওয়াল করেন সিবিআইয়ের আইনজীবী।
এদিনের শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত সিবিআইয়ের কাছে তাদের সমস্ত অভিযোগ হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি রাজ্যের কাছেও তদন্তের গতিপ্রকৃতি নিয়ে রিপোর্ট তলব করেন।
লালন শেখের মৃত্যু ঠিক কী কারণে হয়েছিল? সেই ময়নাতদন্তের রিপোর্ট আদালতে কেন জমা পড়েনি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি এই প্রসঙ্গ টেনে মন্তব্য করেন, মৃত্যুর কারণ না জানতে পারলে বিচার করব কীভাবে? তারপরই তিনি নির্দেশ দেন, আগামীকাল অর্থাৎ শুক্রবারের মধ্যে মামলার কেস ডায়েরি জমা দিতে হবে আদালতে।
তিনি জানান, লালন শেখের মৃত্যু নিয়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে একটি মামলা চলছে। সেই মামলার রায় আসা না পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেবেন না বলে জানান বিচারপতি।
গ্রুপ ডি-র অনেকের চাকরি যাবে, হেলিকপ্টারে তালিকা আনতে বলল হাইকোর্ট