
শেষ আপডেট: 26 August 2024 13:23
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: আরজি কর হাসপাতালের পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। তার মধ্যেই এক যুবতীকে গণধর্ষণের অভিযোগে শোরগোল পড়ল ডুয়ার্সের বানারহাটের একটি চা বাগানে। ওই যুবতী মূক ও বধির। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বানারহাট থানা ঘেরাও করেন গ্রামের মানুষ। নির্যাতিতার পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
পুলিশসূত্রে জানা গেছে, ঘটনাটি বেশ কয়েক মাস আগের। কিন্তু এতদিন ভয়ে চুপ ছিলেন তিনি। চুপ ছিল পরিবারও।ওই যুবতীর বাবা-মা নেই। দুই ভাই ও বৌদি চা বাগানের স্থায়ী শ্রমিক। তাঁদের অনুপস্থিতির সুযোগ নিয়ে কয়েকমাস আগে বাড়িতে চড়াও হয়ে দুই ব্যক্তি তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ।
কিছুদিন ধরে ওই তরুণীর শরীর খারাপ হয়েছে। তাঁর বৌদি তাঁকে ডাক্তারের কাছে নিয়ে যান। তখনই জানতে পারেন, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন ওই তরুণী। এরপর দাদা বৌদি তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন,একদিন একাধিক ব্যক্তি ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করে। তখন বাড়িতে কেউ ছিল না। খবর ছড়িয়ে পড়তেই তুমুল উত্তেজনা সৃষ্টি হয় শ্রমিক মহল্লায়। বাসিন্দাদের দাবি, ওই মূক ও বধির যুবতীর সঙ্গে কারা এমন নারকীয় ঘটনা ঘটাল সেটা খুঁজে বের করতে হবে পুলিশকে। পরিবারের লোকজনকে নিয়েও বানারহাট থানায় যান এলাকার মানুষ। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা।
ধূপগুড়ির এসডিপিও গেইলসন লেপচা জানান, লিখিত অভিযোগ দায়ের হয়েছে। দ্রুত অভিযুক্তকে ধরা হবে। আইন মেনে নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হয়। অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা হচ্ছে।