
শেষ আপডেট: 9 June 2023 15:29
দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বয়কটের ডাক দিল কুড়মিরা (kurmi protest)। পাশাপাশি বিশেষ জনজাতি গোষ্ঠীর প্রার্থী, যারা কুড়মিদের বিরোধিতা করছে তাঁদেরও বয়কটের ডাক দিল কুড়মি সমাজ। পরিবর্তে এবার ভোটে প্রার্থী দেবেন তাঁরা। শুক্রবার ঝাড়গ্রাম শহরের এক বেসরকারি অতিথিনিবাসে বৈঠক করে কুড়মি সমাজের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি।
এই বৈঠকেই সিদ্ধান্ত হয় আগামী ১২ তারিখের মধ্যে তাঁদের নেতাদের মুক্তি দেওয়া না হলে এবং সিআরআই জাস্টিফিকেশন কমেন্টস না পাঠালে পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের কোনও ভোট দেওয়া হবে না। যেহেতু সাঁওতাল সমাজ কুড়মিদের বিরোধিতা করছে তাই তাঁদের কোনও প্রার্থীকেও ভোট দেবে না কুড়মিরা। এমনকী ভোটে লড়াই করবার জন্য এলাকাভিত্তিক প্রার্থী নির্বাচনও শুরু করে দিয়েছে তাঁরা।
এর আগে কুড়মিদের দেওয়াল ব্যবহার না করতে দেওয়ার ফরমান জারি করা হয়েছিল। এবার সরাসরি শাসকদলকে বয়কট করে নিজেরা ভোটে অংশ নেওয়ার ঘোষণায় এক নতুন সমীকরণ দেখা দিল জঙ্গলমহলজুড়ে। রঘুনাথপুরে পুলিশি সন্ত্রাসের প্রতিবাদে এবং জেলবন্দি ১১ জন কুড়মি নেতার মুক্তির দাবিতে মঙ্গলবার ঝাড়গ্রাম শহরে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছিল কুড়মি সমাজ। সেখানে আন্দোলনের কর্মসূচিও ঠিক করা হয়। বলা হয়, প্রথমে হবে ‘কুটুম কুটমালি ভায়দি জিয়াও’। এই আন্দোলনের মাধ্যমে প্রতিটি জেলায় কুড়মি সমাজ থেকে যারা সাংসদ, মন্ত্রী, বিধায়ক হয়েছে তাঁদের বাড়িতে এক হাজার বাইক মিছিল যাবে। পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত এই কর্মসুচি চলবে। এরপর হবে ‘নাতা জোড়ান’। এই কর্মসূচির মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে তাঁদের আন্দোলনে সামিল করা হবে বলে জানিয়েছিলেন তাঁরা। এবার পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই নতুন কর্মসূচি নিল কুড়মি সমাজ।
লিভ ইন নয়, বিয়ে করেছিল মনোজ-সরস্বতী! লোকলজ্জার ভয়ে কাউকে পরিচয় দিত না দম্পতি