
শেষ আপডেট: 24 January 2023 11:45
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: কাঁকড়া ধরতে গিয়ে ফের বাঘের শিকার হলেন মৎস্যজীবী ( Tiger Attack On Fisherman )। মৃতের নাম বাসুদেব বৈদ্য। বছর বত্রিশের বাসুদেবের বাড়ি কুলতলির থানার দেউলবাড়ি দেবীপুর এলাকার নাইয়া পাড়ায়।
গত ১৯ জানুয়ারি সকালে বাসুদেব তাঁর দুই সঙ্গীকে নিয়ে কাঁকড়া ধরতে সুন্দরবনের জঙ্গলে ( Sunderban Reserve Forest ) গিয়েছিলেন। সোমবার টাইগার রিজার্ভ ফরেস্ট এলাকায় বিকেলে কাঁকড়া ধরার সময় তাঁর উপর আচমকাই একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে।
বসিরহাটে সেনাকর্মীর বাড়িতে ১০ লক্ষ টাকার ডাকাতি! কুড়ি দিন পরেও ধরা পড়ল না কেউ
দুই সঙ্গী কোনও রকমে বাঘের থাবা থেকে নিজেদের রক্ষা করলেও বাসুদেবকে বাঁচাতে পারেননি। রাতে ফোন করে ঘটনার কথা বাসুদেবের পরিবারকে জানায়।
খবর পেয়ে অন্যান্য মৎস্যজীবীরা মঙ্গলবার সকালে সুন্দরবন জঙ্গলে রওনা দেয়। জঙ্গলের মধ্যে খোঁজাখুঁজির পর বাসুদেবের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে গ্রামে নিয়ে আসে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকায় এখন শোকের ছায়া।