দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ সাড়ে সাত বছরের প্রতীক্ষার অবসান। বুধবার থেকে শুরু হয়ে যাচ্ছে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল। অর্থাত্ বুধবার থেকে কলকাতা মেট্রোর রুট হবে গড়িয়া-দক্ষিণেশ্বর। তবে আপাতত পরীক্ষামূলক ভাবে চলবে মেট্রো। তাতে যাত্রী থাকবে না।
নোয়াপাড়া পর্যন্ত মেট্রো চলছিলই। ২০১৩ সালে তৎকালীন রেল প্রতিমন্ত্রী অধীররঞ্জন চৌধুরী দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস করেন।
নোয়াপাড়া থেকে বুধবার সকাল সাড়ে দশটায় অত্যাধুনিক এমআর-৪১২ রেক রওনা দেবে দক্ষিণেশ্বরের উদ্দেশে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রী পরিষেবা শুরুর আগে কম করে চার মাস পরীক্ষামূলক রেক চলেছিল। এক্ষেত্রেও তেমনই হবে বলে মনে করা হচ্ছে। মেট্রো রেল সূত্রে খবর, সামনের এপ্রিলে পয়লা বৈশাখের দিন যাতে যাত্রী পরিষেবা শুরু করা যায়, তার পরিকল্পনা রয়েছে।
লকডাউনের মধ্যে পরিকাঠামো তৈরির কাজ দ্রুত এগোলেও বিদেশ থেকে সিগন্যালিংয়ের যন্ত্রাংশ না আসায় আটকে ছিল বেশ কিছু কাজ। মেট্রোর সিগন্যালিংয়ের কাজ করছে বেসরকারি সংস্থা সিমেনস। লকডাউন শিথিল হওয়ার পর সেই কাজে গতি পায়।
মাঝে একটা বড় সময় কাজে ঢিলেমি হয়। ২০১৮ সালের ডিসেম্বরে দেখা গিয়েছিল মেট্রোর লাইন না বসানোর জন্য ওই জায়গায় টেবিল চেয়ার পেতে পিকনিক চলছে। ১৯-এর ফেব্রুয়ারি থেকে ফের কাজে গতি আসে।
নতুন দুটি স্টেশন যুক্ত হচ্ছে সম্প্রসারিত মেট্রোয়। নোয়াপাড়া থেকে যাত্রা করলে প্রথমে পড়বে বরাহনগর এবং তারপরেই দক্ষিণেশ্বর। সন্দেহ নেই দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চালু হলে হাওড়া ও হুগলির বহু মানুষ কর্মস্থলে যাওয়ার পরিবহণ হিসেবে মেট্রো ব্যবহার করবেন। কাজের জন্য জন্য যাঁদের সল্টলেকে যেতে হয় তাঁরাও দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরে শোভাবাজার নেমে বাস অথবা অটোতে যেতে পারবেন যে কোনও সেক্টরে।