
শেষ আপডেট: 15 August 2023 09:11
দ্য ওয়াল ব্যুরো: পূর্বাভাস ছিল আগে থেকেই। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, সকালে স্বাধীনতা দিবসের উদযাপন পণ্ড না হলেও বেলা বাড়লেই বৃষ্টি বাড়বে শহরে। শুধু কলকাতাতেই নয়, রাজ্যজুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই হিসেব মিলিয়ে দিয়ে দুপুর গড়াতে না গোড়াতেই কালো মেঘে ঢাকল আকাশ, সঙ্গে জায়গায় জায়গায় বিক্ষিপ্তভাবে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল (Kolkata rain)।
এদিন বেলা বাড়তেই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের হাওড়া ও হুগলি জেলার কিছু এলাকায়। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতেও জায়গায় জায়গায় ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে বলে খবর।
বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরমধ্যে বেশি বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে আগামী রবিবার থেকে তা ফের বাড়ার সম্ভাবনা রয়েছে।
বাংলার ভাল মেয়েরা কো-এড স্কুলে যেতে ভয় পায়! বিস্ফোরক দাবি অধীরের