
শেষ আপডেট: 23 March 2022 10:18
দ্য ওয়াল ব্যুরো: রামপুরহাট হিংসার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করল হাইকোর্ট (Kolkata Highcourt)। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলতে বলা হয়েছে বগটুই গ্রামকে। ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরার নজরদারি থাকবে সর্বক্ষণ (Bagtui)। বুধবার মামলার শুনানিতে এমটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
এদিন আদালত বলে, রাজ্যকে একটা সুযোগ দেওয়া হবে। দ্রুত তদন্ত করে সত্যিটা সামনে আনা দরকার। সেই সঙ্গে এও নিশ্চিত করতে হবে ঘটনাস্থল থেকে কোনও তথ্যপ্রমাণ যে নষ্ট না হয়। ক্ষতিগ্রস্থ জায়গাগুলিতে সব কোণ থেকে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। সেই নজরদারি চলবে সর্বক্ষণ। সিসিটিভি ক্যামেরাতে যাতে পর্যাপ্ত মেমরি থাকে এদিন তা নিয়েও সতর্ক করে দিয়েছে উচ্চ আদালত। আদালতের পরবর্তী নির্দেশ ছাড়া ক্যামেরা বন্ধ করা যাবে না। জেলা আদালতের বিচারকের নজরদারিতে সিসিটিভি মনিটরিং করা হবে।

রামপুরহাটের বগটুই গ্রামে সেদিনের পর থেকেই থমথম করছে চারদিক। ভয়ে সিঁটিয়ে রয়েছে গোটা গ্রাম। স্থানীয় বাসিন্দারা কেউ মুখ খুলতে চাইছেন না। বরং তল্পিতল্পা গুটিয়ে সকলে গ্রাম ছেড়ে পালাচ্ছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের নিরাপত্তার দিকটাও দেখার নির্দেশ এদিন দিয়েছে হাইকোর্ট। বলা হয়েছে, ডিজি, আইজিপি ও ও পূর্ব বর্ধমানের জেলা জজ প্রত্যক্ষদর্শীদের নিরাপত্তা নিশ্চিত করবেন দায়িত্ব নিয়ে।
আদালত আরও বলেছে, রামপুরহাটের ঘটনার সমস্ত পোস্টমর্টেম হবে ভিডিওগ্রাফির নজরদারিতে। এছাড়া ফরেন্সিক পরীক্ষার জন্য দিল্লি থেকে ফরেন্সিক দলকে দ্রুত এসে তথ্য সংগ্রহের কথাও বলেছে হাইকোর্ট। আগামীকাল বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি হবে।
অমিত শাহের সময় চাইল তৃণমূল, রামপুরহাট নিয়ে দেখা করতে চান সাংসদরা