
শেষ আপডেট: 15 June 2022 09:14
দ্য ওয়াল ব্যুরো: উচ্চ প্রাথমিকে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে চাকরীপ্রার্থীদের অবস্থান বিক্ষোভের অনুমতি দিল হাইকোর্ট। পুলিশের কাছ থেকে অনুমতি না পেয়ে হাইকোর্টের (High Court) দ্বারস্থ হয়েছিলেন ওই চাকরীপ্রার্থীরা। বুধবার তাঁদের আবেদন মঞ্জুর হয়েছে।
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগে (Upper Primary) ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। তারই প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসতে চেয়েছিলেন চাকরীপ্রার্থীরা। মোট ১১২ জন চাকরিপ্রার্থী উচ্চ আদালতে আবেদন জানিয়েছিলেন। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকারের এজলাসে সেই মামলার শুনানি ছিল। চাকরিপ্রার্থীদের আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি। বলা হয়েছে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে তাঁরা অবস্থানে বসতে পারবেন। অনির্দিষ্টকালের জন্য চলবে সেই অবস্থান বিক্ষোভ।
এদিন অবশ্য মামলাকারীদের খানিক ভর্ৎসনাও করেছে আদালত। বিচারপতি তাঁদের অবস্থান বিক্ষোভের আর্জি শুনে বলেন, আনন্দের শহর কলকাতা (সিটি অফ জয়), তা কোনওভাবেই বিক্ষোভের শহরে (সিটি অফ ডেমন্ট্রেশন) পরিণত হতে পারে না। তাই যেখানে সেখানে বিক্ষোভ দেখানো যাবে না। নির্দিষ্ট স্থানে অবস্থান বিক্ষোভে বসতে পারবে চাকরিপ্রার্থীরা, জানিয়েছে উচ্চ আদালত। বিক্ষোভ অবশ্যই হতে হবে শান্তিপূর্ণ।
রাজ্যে শিক্ষক নিয়োগে কেলেঙ্কারির অভিযোগ নতুন নয়। ইতিমধ্যে একাধিক মামলায় স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অভিযোগ, যোগ্য প্রার্থীদের চাকরিতে নিয়োগ করা হয়নি। নিয়োগে বড়সড় কারচুপি হয়েছে। সিবিআই ইতিমধ্যে সেই সূত্রে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও বার দুয়েক জিজ্ঞাসাবাদ করেছে। দুর্নীতিতে নাম জড়িয়েছে এসএসসি-র আধিকারিকদেরও। এবার উচ্চ প্রাথমিকের নিয়োগে দুর্নীতির প্রতিবাদে চাকরিপ্রার্থীদের অবস্থানে বসার অনুমতি দিল উচ্চ আদালত।