
শেষ আপডেট: 27 March 2023 09:46
দ্য ওয়াল ব্যুরো: স্কুলের চাকরিতে বঞ্চনার প্রতিবাদে আগামী ২৯ এবং ৩০ মার্চ কলকাতার রাজপথে মিছিল করতে চেয়েছিলেন চাকরিপ্রার্থীরা (Job Aspirants)। সোমবার তাঁদের মিছিল করার অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখার মান্থা। যদিও ২৯ এবং ৩০ মার্চের বদলে তার জন্য অন্য দিন নির্ধারিত করেছেন তিনি।
এর আগে ২৯ এবং ৩০ মার্চ স্কুলের চাকরিতে বঞ্চনার প্রতিবাদে মিছিল করার জন্য অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের (Kolkata high court) দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থীরা। সেই মামলার শুনানিতে সোমবার বিচারপতি রাজাশেখর মান্থা আবেদনকারীদের মিছিল করার অনুমতি দিয়েছেন।
তবে বিচারপতি জানিয়েছেন, মার্চ মাসে নয়, বরং এপ্রিল মাসের ৩-৫ তারিখের মধ্যে জাতীয় সড়ক বাদ দিয়ে পূর্ব মেদিনীপুর থেকে কলকাতা মিছিল করে আসতে পারবেন স্কুলের বঞ্চিত চাকরি প্রার্থীরা। আদালতের নির্দেশ মতো পূর্ব নির্ধারিত দিনের বদলে বিকল্প দিন এবং বিকল্প রুটে মিছিল নিয়ে যেতে সম্মত হয়েছেন মামলাকারীরা।
আদালত জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিকল্প দিনক্ষণ এবং নতুন রুটের কথা জানিয়ে জেলার এসপি এবং কমিশনারেটের ওসিপিদের কাছে আবেদন জানাতে হবে চাকরিপ্রার্থীদের। সেই মতোই তাঁরা আবেদন করতে চলেছেন বলে জানিয়েছেন মামলাকারীরা।
ভাঙা রেকর্ড কেন বাজাচ্ছেন? এসপি সিনহার মামলায় সিবিআইকে তীব্র ভর্ৎসনা আদালতের