
শেষ আপডেট: 22 March 2022 08:05
দ্য ওয়াল ব্যুরো: রামপুরহাটের হিংসার ঘটনায় অবিলম্বে মামলা দায়ের করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Kolkata HC)। এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল রামপুরহাটের ঘটনা নিয়ে (Birbhum Violence)। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে।
বিরোধী শূন্য করতে চেয়ে তৃণমূল এখন তৃণমূলকেই মারছে: সেলিম
বিজেপির আইনজীবীরা এদিন রামপুরহাটের ঘটনা নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁরা দাবি করেছেন আদালত স্বতঃপ্রণোদিত মামলা করুক। তবে আদালত জানিয়েছে স্বতঃপ্রণোদিত মামলার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে ওই আইনজীবীদের মামলা দায়ের করার অনুমতি দিয়েছে উচ্চ আদালত।
রামপুরহাটের ঘটনা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। সোমবার রাতেই সেখানে খুন হয়েছেন এলাকার তৃণমূলের উপপ্রধান তথা দাপুটে নেতা ভাদু শেখ। তারপর ওই চত্বরে মুড়িমুড়কির মতো বোমাবাজি করা হয়। এই ঘটনার পরেই রাতে একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ভাদু শেখের মৃত্যুর বদলা নিতেই এমনটা করা হয় বলে অভিযোগ। অন্তত ১০ জন সেই আগুনে পুড়ে মারা গেছেন, অধিকাংশই মহিলা।