
ডুর্য়াসের জঙ্গলে কিং কোবরা।
শেষ আপডেট: 16 May 2024 23:35
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বুধবার ডুর্য়াসের জঙ্গল বিরল ঘটনার সাক্ষী হয়েছিল। অজগরকে গিলে খাওয়ার চেষ্টা করেছিল কিং কোবরা।
২৪ ঘণ্টার ব্য়বধানে ফের গরুমারা জাতীয় উদ্যানের ধূপ ঝোড়া বিটের একই এলাকা থেকে দুটি কিং কোবরা উদ্ধার হল। ঘটনার জেরে আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। তাঁরা বলছেন, এরপর তো জঙ্গল পথে হাঁটাও দায়!
জানা গেছে বৃহস্পতিবার বিকেলের দিকে ধূপ ঝোড়া গাছ বাড়ি এলাকার এক স্থানীয় বাসিন্দার বাড়ির পোষা হাঁসগুলি হঠাৎ ডাকতে শুরু করে। এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে সেগুলি। বাড়ির লোকজন প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেয়নি। এরপর ফের বাড়ির পেছনে থাকা সুপারি বাগান থেকে হাঁসের আওয়াজ পান।
বাগানে গেলে চোখ কপালে ওঠে তাঁদের। দেখতে পান বিশাল এক কিং কোবরা হাঁস গিলে খাচ্ছে। সাক্ষাৎ মৃত্যু দূতকে দেখতে পেয়ে ছুটে পালান তাঁরা। এরপর খবর দেন বন দফতরে।
খবর পেয়ে ধূপ ঝোড়া বিট অফিস থেকে ছুটে আসেন রুপক, হীরালাল, বিপিন, রঞ্জিত, মিঠুন, সঞ্জয়, সুলতান-সহ বন কর্মীদের একটি বড়সড় দল। এরপর তাঁরা খবর দেন পরিবেশ কর্মী দিবস রাইকে। পাশাপাশি এলাকাটিকে দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়। ইতিমধ্যে চলে আসেন দিবস রাই। খুব অল্প সময়ের মধ্যে কিং কোবরা দুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেন।
পরিবেশ কর্মী দিবস রাই বলেন, "মানুষের ভিড় না থাকায় সাপ উদ্ধার করতে বেগ পেতে হয়নি। এখন সাপের মেটিং সিজন। তাই এরা যেইসব জায়গায় কিং কোবরা থাকে সেইসব এলাকায় চলে আসছে। তাই গ্রামের মানুষকে সতর্ক থাকতে হবে। সাপ দেখলেই বন দফতর কিংবা আমাদের খবর দিন। আমরা সঙ্গে সঙ্গে চলে আসবো। কিন্তু কেউ এদের আঘাত করবেন না। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সাপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আর যেহেতু কিং কোবরা সাপ খায়। তাই সংশ্লিষ্ট এলাকায় বেশি পরিমাণে সাপ বংশ বৃদ্ধি করতে পারে না। ফলে মানুষ নিরাপদে থাকতে পারে।"