
শেষ আপডেট: 30 July 2023 12:57
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: গিয়েছিলেন বধূ নির্যাতনের অভিযোগের তদন্ত করতে। কিন্তু সেসবের বদলে বৃদ্ধ-বৃদ্ধার আলমারি হাতড়ে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার (robbery) অভিযোগ উঠল খোদ সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। সেই ঘটনা সামনে আসার পরেই অভিযুক্ত পুলিশ আধিকারিককে 'ক্লোজ' করে দেওয়া হল (Khardaha SI closed)।
হতবাক করা ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার সোদপুরের সুখচর এলাকায়। অভিযুক্ত পুলিশ আধিকারিকের নাম বিমল দত্ত, তিনি সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। সূত্রের খবর, গত ২৬ জুন প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় নামে এক মহিলা তাঁর স্বামী এবং শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগে খড়দহ থানার দ্বারস্থ হন। সেই অভিযোগের তদন্তভার পড়ে সাব ইন্সপেক্টর বিমল দত্তের উপর। অভিযোগ, সার্চ ওয়ারেন্ট ছাড়াই বাড়িতে ঢুকে বধূ নির্যাতনের ঘটনায় বিষয়ে কোনও তদন্ত না করেই প্রিয়াঙ্কার শাশুড়ি লেখা মুখোপাধ্যায়ের উপর হম্বিতম্বি শুরু করেন তিনি। শুধু তাই নয়, বাড়ির আলমারি থেকে দেড় লক্ষ টাকা লুঠ করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এমনকী, কোনও কারণ ছাড়াই লেখা মুখোপাধ্যায়ের অ্যাকাউন্ট তিনি 'ফ্রিজ' করে দেন বলে সূত্রের খবর।
এরপরেই বিমল দত্তের বিরুদ্ধে ব্যারাকপুর আদালতের দ্বারস্থ হন লেখা মুখোপাধ্যায় এবং তাঁর স্বামী গৌতম মুখোপাধ্যায়। ঘটনা জানার পরেই আদালতের তরফে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে অভিযুক্ত সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়। এই ঘটনাকে বাড়াবাড়ি বলে উল্লেখ করে বিচারক প্রশ্ন তোলেন, কেন তদন্তকারী অফিসার এফআইআর-এর কপিতে ৪০৬ ধারার উল্লেখ করেননি?
আরও পড়ুন: সল্টলেকের বিকাশ ভবনের সামনে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, জখম পাঁচ