
শেষ আপডেট: 3 June 2022 01:15
দ্য ওয়াল ব্যুরো: প্রতিমাসে কয়েক লক্ষ টাকার বিদ্যুতের বিল মেটাচ্ছিল কাটোয়া হাসপাতাল (Katwa Hospital) কর্তৃপক্ষ। কিন্তু এত বিল কেন! কিছুতেই ধরা পড়ছিল না কারণ। তাই গত কয়েক দিন ধরে বিষয়টির দিকে অনবরত নজর রাখছিলেন হাসপাতালের সুপার শৌভিক আলম। অবশেষে সামনে এল আসল কারণ। জানা গেল, হাসপাতালের রান্নাঘরে অবৈধভাবে টোটোয় চার্জ দেওয়ার কাজ চলছিল!
অভিযোগ, রান্নার ঠিকাকর্মী ৪০ টাকার বিনিময়ে হাসপাতালের বিদ্যুৎ টোটোচালকদের গাড়ি চার্জ দেন বেশ কয়েক মাস ধরে। তাই নিজেদের অজান্তেই কয়েক লক্ষ টাকার বিল মেটাতে হচ্ছিল হাসপাতাল কর্তৃপক্ষকে। গত তিন মাসে বিল আসে ৮৪ লক্ষ টাকা! বৃহস্পতিবার এক টোটো চালককে চার্জ দিতে দেখা যায় সেখানে। খবরটি সুপার কাছে পৌঁছলে হাতেনাতে ধরা পড়ে যান ওই ঠিকাকর্মী।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই ঠিকাকর্মী। উল্টে তাঁর বক্তব্য, ওই টোটোতেই হাসপাতালের বাজার আসে। খাবার সরবরাহকারী ঠিকাদার শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ও দাবি করেন, টোটোটি তাঁরই। বিদ্যুৎ চুরির অভিযোগ ওঠায় তিনি সাফাই দিয়ে বলেন, ‘‘হাসপাতালে রোগীদের খাবার সরবরাহ করি আমি। তাই, এখান থেকেই ব্যাটারি থেকে চার্জ দিই।’’
বিষয়টি নিয়ে সুপার শৌভিক আলম জানিয়েছেন, কয়েকদিন আগেই তিনি এই হাসপাতালে সুপারের দায়িত্বে এসেছেন। বিল বেশি আসায় আগেই খটকা লেগেছিল তাঁর। তাই নজর রাখছিলেন, কীভাবে কোথা থেকে বিদ্যুৎ চুরি হচ্ছে। কিন্তু রান্নাঘরে যে এমন কাণ্ড হচ্ছে, তা ভাবতেও পারেননি তিনি।
ঘটনার কথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কানে পৌঁছালে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগে ইতিমধ্যেই ওই ঠিকাকর্মীকে আটক করেছে কাটোয়া পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আর মাত্র দু'দিন! মেঘের গর্জন আর তুমুল বৃষ্টি নিয়ে বাংলায় ঢুকছে বর্ষা