
শেষ আপডেট: 5 January 2023 06:06
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলে আছেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় (Kalyanmoy Ganguly)। জামিনের আর্জি (bail application) জানিয়ে মামলা করেছিলেন তিনি। কিন্তু শুনানি শেষ হওয়ার আগেই সেই মামলা প্রত্যাহার করে নিলেন কল্যাণময়।
বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে জামিনের আর্জি জানিয়েছিলেন কল্যাণময়। বৃহস্পতিবার সেই মামলার শুনানির আগে তাঁর আইনজীবী আদালতে বলেন, এই মামলা প্রত্যাহার করতে চান।
এদিন বিচারপতি জয়মাল্য বাগচী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সিবিআই যেভাবে তদন্ত করছে তা তারা চালিয়ে যেতে পারবে। ফলে কল্যাণময় আপাতত জেলেই থাকবেন।
কল্যাণময়ের বিরুদ্ধে এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট দিয়েছে সিবিআই। সেখানে বলা হয়েছে, মধ্যশিক্ষা পর্ষদের দফতরে বসেই টাকা লেনদেন, প্যানেল অদলবদল সংক্রান্ত বিষয়ে কলকাঠি নেড়েছিলেন তিনি।
শুধু তাই নয়। শান্তিপ্রসাদ সিনহা, অশোক সরকার, সুবীরেশ ভট্টাচার্যদের সঙ্গে সুনিপুণ যোগাযোগ রেখেই কল্যাণময় সবটা করতেন বলে উল্লেখ রয়েছে চার্জশিটে। এবার সেই কল্যাণময় জামিনের আর্জি জানিয়েও প্রত্যাহার করে নিলেন।
বন্দে ভারত এক্সপ্রেসে পরপর আক্রমণ! পাথর ছোড়ার সেই ছবি প্রকাশ করল রেল