
শেষ আপডেট: 12 June 2023 08:13
দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত জোড়া জনস্বার্থ মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সোমবার বেলা একটাতেও টানটান সওয়াল জবাবে যখন সরগরম এজলাস তখন আইনের ধারা, সুপ্রিম কোর্টের নির্দেশ উল্লেখ করে রাজ্য সরকারের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নির্বাচনী নির্ঘণ্ট কী হবে তা ঠিক করার এক্তিয়ার নির্বাচন কমিশনেরই। আদালত এতে হস্তক্ষেপ করতে পারে না।’
পাল্টা কল্যাণের উদ্দেশে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, ‘ জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আদালত যদি প্রয়োজন মনে করে তাহলে স্বতঃপ্রণোদিত হয়ে নির্দেশ দিতেই পারে।’ শুধু তাই নয়। প্রধান বিচারপতি এও বলেন, ‘মানুষের বৃহত্তর স্বার্থে নিরাপত্তা, গণতান্ত্রিক অধিকার রক্ষা করার দায়িত্ব আদালতের। সেটা ভুলে যাবেন না।’
পঞ্চায়েত সংক্রান্ত যে জোড়া মামলা দায়ের হয়েছে তার একটি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অন্যটি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বিরোধী দলনেতার মূল আর্জি, মনোনয়নের সময় বাড়ানো এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানো হোক। কেন্দ্রীয় বাহিনীর বিষয়ে আর্জি জানিয়েছে কংগ্রেসও। সেইসঙ্গে অধীরের আর্জি, মনোনয়ন অনলাইনেও দাখিল করার বন্দোবস্ত করা হোক।’
কল্যাণ এদিন পাঁচ বছর আগের পঞ্চায়েত সংক্রান্ত মামলার প্রসঙ্গ টানেন। তিনি বলেন, ২০১৮ সালের ভোট নির্ঘণ্ট নিয়েও অধীর চৌধুরী মামলা করেছিলেন। সেই সময়ে আদালতে এসে মামলা করেছিল বিজেপিও (তখন শুভেন্দু তৃণমূলের মন্ত্রী)। সিপিএম শুধু এবার আসেনি। বিরোধী দলগুলির উদ্দেশে কটাক্ষের সুরে মামলার সওয়ালে কল্যাণ বলেন, ‘ওরা তো সব এনার্জি কোর্টে এসে ফুরিয়ে ফেলছে। মাঠেঘাটে তাহলে কী করবে।’
গত শুক্রবারের শুনানিতে হাইকোর্ট কমিশনকে বলেছিল, মনোনয়ন পর্বের সময়সীমা বাড়ানো যায় কিনা তা ভেবে দেখা হোক। সোমবারের শুনানিতে কমিশন জানিয়েছে, একদিন তা বাড়ানো যেতে পারে (১৬ জুন পর্যন্ত)। এদিন কমিশনের পক্ষ থেকে এও বলা হয়েছে, অতীতেও সাত দিনের মনোনয়ন পর্বে নির্বাচন হওয়ার রেকর্ড বাংলায় রয়েছে। এবার যে প্রথম হচ্ছে তা নয়।
পাল্টা প্রধানবিচারপতির বেঞ্চ প্রস্তাব দিয়েছে, ৮ জুলাইয়ের বদলে ১৬ জুলাই ভোট হোক। সেক্ষেত্রে মনোনয়ন পর্বের সময়সীমা বাড়িয়ে ২১ জুন পর্যন্ত করা যেতে পারে। বিকল্প একটি নির্ঘণ্টের কথা বলেছে প্রধান বিচারপতির বেঞ্চ। এখন দেখার এই শুনানি কখন শেষ হয়। কী রায় দেয় হাইকোর্ট।
শুভেন্দু সশরীরে হাইকোর্টে, পঞ্চায়েত মামলার শুনানি শুনছেন বিরোধী দলনেতা