
শেষ আপডেট: 25 April 2023 11:51
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনারপুর: কালিয়াগঞ্জ থানায় (Kaliaganj Police Station Fire) ঢুকে পুলিশকে আক্রমণের চেষ্টা বিক্ষোভকারীদের। প্রাণ বাঁচাতে থানার ভিতরে ঢুকে যায় পুলিশ। দাউ দাউ করে আগুন জ্বলছে থানা চত্বরে। অগ্নিগর্ভ কালিয়াগঞ্জ থানা এলাকা। দুপুরের পর নতুন করে উত্তেজনা ছড়ায় কালিয়াগঞ্জে।
আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে গত কয়েকদিন ধরেই তেতে রয়েছে কালিয়াগঞ্জ। মঙ্গলবার সকাল থেকেই বিজেপি, কামতাপুরী ও আদিবাসীদের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ। মঙ্গলবার দুপুরে কালিয়াগঞ্জ থানার সামনে আদিবাসীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম বাধে। পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে লাঠি হাতে ধেয়ে যায় পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। তখনকার মতো পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও অচিরেই আবার উত্তেজনা ছড়ায় এলাকায়।
দুপুরের পর ফের বিক্ষোভকারীদের জমায়েত হয় থানা চত্বরে। একদল লোক ছুটে এসে থানায় আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণের জন্য পুলিশও পিছু হটে। খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। এরপরেই বিশাল পুলিশবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে। দুষ্কৃতীদের সন্ধানে শুরু হয় তল্লাশি।
শুক্রবার কালিয়াগঞ্জে (Kaliaganj) বাড়ির কাছের একটি পুকুর পাড় থেকে এক কিশোরীর দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনায় তেতে ওঠে কালিয়াগঞ্জ। দফায় দফায় চলে পথ অবরোধ। অশান্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ-দুর্গাপুর জাতীয় সড়ক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে জনতার রোষের মুখে পড়েন পুলিশ কর্মীরা। বেপরোয়া ইটবৃষ্টি শুরু হয় পুলিশকে লক্ষ্য করে। পরিস্থিতি সামাল দিতে পাল্টা লাঠি চালায় পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। সেদিন থেকেই তেতে রয়েছে এলাকা। চলছে দফায় দফায় বিক্ষোভ।
অভিষেক সভা ছাড়তেই ব্যালট ছিনতাই, বাক্স ভাঙচুর, তৃণমূলের নিজেদের মধ্যেই হাতাহাতি