
শেষ আপডেট: 26 October 2022 15:32
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: কালীপুজো (Kali Puja) উপলক্ষে প্রতিমা (idol) তৈরি করেছিলেন কারিগর। কিন্তু বিক্রি হয়নি বেশিরভাগ প্রতিমাই। তাই শিল্পী হিসেবে নিজের ভাবমূর্তি বজায় রাখতে নিজেই প্রতিমাগুলি ভেঙে (vandalised) অন্যের নামে দোষ চাপালেন কারিগর! প্রতিমা শিল্পীর কাণ্ডে তাজ্জব পুলিশ থেকে সাধারণ মানুষ।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রামনগর থানা এলাকার মুকুন্দপুর মোড়ে। সোমবার কালীপুজোর দিন হঠাৎই জানা গিয়েছিল, প্রতিমা শিল্পী প্রভাত সরদারের তৈরি একাধিক প্রতিমা রাতের অন্ধকারে ভেঙে দিয়ে গেছে দুষ্কৃতীরা। সেই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়। প্রভাতবাবু নিজেও জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই কেউ ভেঙে দিয়ে গেছে প্রতিমাগুলি। খবর পেয়ে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছান ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে। তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ন্ত্রণে আনেন।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা হয়েছিল ব্যবসায়িক শত্রুতা জেরেই ভাঙা হয়েছে মূর্তিগুলি। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করা হয়েছিল। কিন্তু প্রতিমাশিল্পী প্রভাতবাবুকে জিজ্ঞাসাবাদ করার সময় তাঁর কথায় একাধিক অসঙ্গতি লক্ষ্য করে পুলিশ। এরপরেই জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়ে প্রভাতবাবু স্বীকার করেন, তিনি নিজেই ভেঙেছেন মূর্তিগুলি। তিনি আরও জানান, এই বছর ৫০টি কালী প্রতিমা তৈরি করেছিলেন তিনি। কিন্তু বেশিরভাগ মূর্তিই বিক্রি হয়নি। নিজের শৈল্পিক ভাবমূর্তি ধরে রাখতে এবং ব্যবসায় যাতে আগামীদিনে আঁচ না পড়ে, তা নিশ্চিত করতে নিজেই চুপিচুপি প্রতিমাগুলি ভেঙে দেন প্রভাতবাবু। তারপর রটিয়ে দেন, ইচ্ছে করেই কেউ ভেঙে দিয়ে গেছে প্রতিমাগুলি।
এই ঘটনায় প্রভাতবাবু সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে সাংবাদিক সম্মেলন করে বিষয়টি সকলকে জানান ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি ধৃতিমান সরকার। কোনও প্ররোচনায় যাতে কেউ পা না দেন সে ব্যাপারে তিনি এলাকাবাসীর কাছে আর্জি জানিয়েছেন। তরে প্রতিমাশিল্পীরা এহেন কীর্তিতে হতবাক পুলিশ থেকে আমজনতা।
বুধ-সন্ধেয় ভাইকে ফোঁটা দেবেন ঋতুপর্ণা, কালকেই ফের পাড়ি আমেরিকায়