
শেষ আপডেট: 4 May 2023 07:12
দ্য ওয়াল ব্যুরো: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দু'টি মামলা (Suvendu Adhikari Cases) আর শুনবেন না বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha)। এর আগে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার অভিযোগ জানান যে, মামলাগুলি দ্রুত শোনা হচ্ছে না। যদিও সুপ্রিম কোর্ট রাজ্যের আবেদনে সাড়া দেয়নি। মামলাগুলিকে হাইকোর্টে পাঠিয়ে দিয়েছিল।
প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য পুলিশের করা ২৬টি এফআইআরের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় বিচারপতি মান্থার বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। কিন্তু তাতেও কোনও সুরাহা মেলেনি। অবশেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল।
যদিও সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, তারা এই মামলায় কোনওরকম হস্তক্ষেপ করবে না। দেশের শীর্ষ আদালত নির্দেশে জানায়, যদি আগের নির্দেশের রদবদলের প্রয়োজন হয়, তবে হাইকোর্টেই আবেদন করতে হবে রাজ্যকে।
বিচারপতি মান্থা এদিন মামলা থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়ে গিয়ে লিখিতভাবে জানান, রাজ্য সরকার, সুপ্রিম কোর্টে এমনভাবে আবেদন করল যেন আবেদনকারীর জন্য শুনানিতে দেরি হচ্ছে। কিন্তু এই কোর্ট দেখছে, কোনও পক্ষই এই মামলা দ্রুত শুনানি করাতে আগ্রহী নয়। তাই এই মামলা থেকে এই আদালত সরে দাঁড়াল।
উল্লেখ্য, এর আগে এই মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি পার্থসারথি সেন। তখন হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সেই মামলাগুলি পাঠান বিচারপতি মান্থার এজলাসে। বৃহস্পতিবার তিনিও সরে দাঁড়ালেন। এখন দেখার এই মামলাগুলি ফের নতুন করে কোন বিচারপতির এজলাসে যায়।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরতেই বিচারপতি সিনহার দরবারে ঝাঁপালেন মামলাকারীরা