
শেষ আপডেট: 15 May 2023 07:28
দ্য ওয়াল ব্যুরো: গত ৬ মে হাইকোর্টের নির্দেশেই ডিএ আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় অর্থাৎ হরিশ মুখার্জি রোডে (Harish Mukherjee Road) মহামিছিল করেছিলেন। এবার ফের একবার ওই একই জায়গায় মিছিলের অনুমতি দিল হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) এদিন জানান, হরিশ মুখার্জি রোডে (CM Mamata Banerjee Residential Area) মিছিল করতে পারবেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা।
গ্রুপ-ডি নিয়োগে দুর্নীতি হয়েছে, এমন অভিযোগে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। মামলাকারীদের অভিযোগ ছিল, ওয়েটিং লিস্টে থাকা অনেকেই প্রাপ্য চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে।
হাইকোর্টে মামলার পাশাপাশি, কলকাতার রাস্তায় নেমেও অবস্থান বিক্ষোভ করছেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। তাঁরাই আগামী ১৭ মে শহিদ মিনার থেকে মিছিল কর্মসূচি করার ডাক দেয়। যদিও পুলিশ সেই মিছিলের অনুমতি দেয়নি। আন্দোলনকারী জানিয়েছিল, তাঁদের মিছিল হরিশ মুখার্জি রোডের ওপর দিয়ে যাবে। আর তাতেও আপত্তি জানায় পুলিশ।
পুলিশের বক্তব্য ছিল, নিরাপত্তার কারণে ওই এলাকায় মিছিলের অনুমতি দেওয়া যাবে না। তারপরই গ্রুপ ডি-র বঞ্চিত চাকরিপ্রার্থীরা হাইকোর্টের দ্বারস্থ হন। সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতি মান্থা, নির্ধারিত রুটেই মিছিল করার অনুমতি দেন।
আগামী ১৭ মে, সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত মিছিল করতে পারবেন চাকরিপ্রার্থীরা। এই মিছিল শুরু হবে শহিদ মিনার থেকে। তারপর সেটা হরিশ মুখার্জি রোড হয়ে শেষ কালীঘাট থানার সামনে।
ফুটবল খেলতে স্পেনে চলল তেহট্টর তরুণ! রাত জেগে বিড়ি বেঁধে খেলা-পাগল ছেলেকে বড় করেছেন একলা মা