
শেষ আপডেট: 27 September 2023 12:26
দ্য ওয়াল ব্যুরো: হাইকোর্টের অর্ডারে হস্তক্ষেপ করার অভিযোগে বুধবার সিবিআইয়ের আলিপুর বিশেষ আদালতের বিচারক অপর্ণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নজিরবিহীন মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Gangopadhyay)। অবিলম্বে তাঁকে বদলির নির্দেশও দিয়েছেন বিচারপতি।
এদিন নিয়োগ মামলার শুনানির সূত্রেই সিবিআইয়ের আলিপুর বিশেষ আদালতের বিচারক অপর্ণ চট্টোপাধ্যায়ের নাম উঠে আসে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। এরপরই রাজ্যের জুডিশিয়াল সেক্রেটারিকে তলব করেন তিনি। জুডিশিয়াল সেক্রেটারি আদালতকে জানায়, সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায় বদলি হয়ে নতুন জায়গায় এখনও নিয়োগ পাননি। কারণ, তাঁর ফাইল আটকে রয়েছে আইনমন্ত্রীর অফিসে।
বিচারপতি তাঁর কাছে জানতে চান, কবে থেকে এই ফাইল আটকে রয়েছে। জুডিশিয়াল সেক্রেটারি আদালতকে জানান, ২৫ অগস্ট থেকে তার ফাইল আটকে রয়েছে রাজ্যের আইনমন্ত্রীর ঘরে। এরপরই রাজ্যের আইনমন্ত্রীকে আজ বুধবার বিকেল ৫ টায় এজলাসে তলব করেন বিচারপতি।
প্রসঙ্গত, এদিন নিযোগ মামলার শুনানিতে বিচারপতি বলেন, “আমি জানতে পেরেছি, সিবিআই স্পেশাল কোর্টের বিচারক অর্পণ চট্টোপাধ্যায় জেলে থাকা এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশকে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন। সিবিআই বিচারকের কোনও ভাবেই হাইকোর্টের অর্ডারে হস্তক্ষেপ করা উচিত নয়। এটি তাঁর এক্তিয়ার বহির্ভূত কাজ। শুনেছি, বিচারক অপর্ণ চট্টোপাধ্যায়ের বদলির নির্দেশ হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তাঁর মাথায় কারও হাত রয়েছে কিনা তা নিয়ে সন্দেহ থাকছে।”
আরও পড়ুন: দুর্নীতির সঙ্গে আপস নয়, সিবিআই, ইডিকে 'টাচ' করা যাবে না: বিচারপতি গঙ্গোপাধ্যায়