
শেষ আপডেট: 9 August 2023 08:31
দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের গোথা এয়ার স্কুলের ‘ভুয়ো’ শিক্ষকের ঘটনায় তদন্তভার ডিআইজি সিআইডি-র হাতে দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Basu)। কিন্তু এই নিয়োগ দুর্নীতিতে সিআইডি তদন্তে (CID Probe) যে খুশি নন, তা স্পষ্ট বুঝিয়ে দিলেন বিচারপতি। এমনকী, এই ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার ইঙ্গিতও দেন তিনি। শুনানিতে তিনি বলেন, 'আমি আমার বিশ্বাস ভরসা সিআইডির উপর হারাচ্ছি।'
উল্লেখ্য, মুর্শিদাবাদের গোথা এয়ার স্কুলে চাকরি করছিলেন অনিমেষ তিওয়ারি। অভিযোগ ছিল, সুপারিশপত্র মেমো নকল করে চাকরি পেয়েছিলেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হয়। সেই ঘটনায় সিবিআই তদন্তের দাবি উঠলেও বিচারপতি সিআইডিকে তদন্তের দায়িত্ব দেন।
এদিন আদালতে তদন্তের রিপোর্ট জমা দেওয়া হয় সিআইডির তরফে। সেই রিপোর্টে খুশি নন বিচারপতি। সেইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কেন তদন্তকারী অফিসারদের কেউ আদালতে উপস্থিত নেই। রাজ্যের তরফে জানানো হয়, অফিসাররা তদন্তের কাজে গিয়েছেন।
যা শুনে রেগে যান বিচারপতি। তিনি বলেন, 'সবাই একসঙ্গে গেছেন? কাল আদালতে এসে তাঁরা সবাই আজ কোথায় গেছেন তা জানাতে হবে।' বিচারপতি এখানেই থেমে থাকেননি। তিনি আরও বলেন, 'এই নিয়োগ দুর্নীতিতে একটা বড় চক্র কাজ করছে। সেই চক্র খোঁজার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সিআইডি এখনও সে ব্যাপারে তেমন অগ্রসর হতে পারেনি।'
আগামীকাল সকাল ১০টায় এই মামলার শুনানি রয়েছে। সেই শুনানিতে ডিআইজি সিআইডি সহ সব সদস্যকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু।
আরও পড়ুন: আদালতে হাজিরা জলপাইগুড়ির জয়ী বিজেপি প্রার্থীর, বললেন অপহৃত হননি, আত্মীয়র বাড়ি গিয়েছিলেন