
শেষ আপডেট: 26 May 2023 13:40
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ফের রোগীর আত্মীয়দের হেনস্থার শিকার হলেন এক জুনিয়র ডাক্তার (Junior Doctor Harassment)। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে বহরমপুরে মুর্শিদাবাদ (Murshidabad) মেডিক্যাল কলেজ হাসপাতালে। রোগীর আত্মীয়দের মারমুখী আচরণে রাতে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। কয়েকজন যুবক ডাক্তারদের গায়ে হাতও তোলেন বলে অভিযোগ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে শ্বাসকষ্ট নিয়ে এক রোগী হাসপাতালে ভর্তি হন। তিনজন আত্মীয়র ঢোকার অনুমতি থাকলেও রোগীর সঙ্গে প্রায় সাতজন আত্মীয় হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ঢুকে পড়েন। অভিযোগ, এরপর তাঁরা কর্তব্যরত ডাক্তারের কাজে বাধা দেন।
তাঁরা বারে বারে রোগীকে অক্সিজেন দেওয়ার জন্য জোর করছিল। অথচ রোগীর শ্বাসকষ্ট থাকলেও অক্সিজেন দেওয়ার প্রয়োজন নেই বলায় কর্তব্যরত ডাক্তারকে মারধর শুরু করেন রোগীর সঙ্গে থাকা ব্যক্তিরা।
হাসপাতালের নার্সদের দাবি, ওই যুবকরা মদ্যপ অবস্থায় ডাক্তারকে গালিগালাজ ও মারধর করছিল। সেই সময় তাঁকে বাঁচাতে গেলে তাঁদেরও বাধা দেওয়া হয়। হাসপাতালের এক নিরাপত্তারক্ষীকে মেরে হাত ভেঙে দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ইতিমধ্যে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে। এই ঘটনার পর থেকে তাঁদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের অভিযোগ, পরিবার ছেড়ে তাঁরা মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে এত দূর এসেছেন। যেখানে মুখ্যমন্ত্রী বারে বারে ডাক্তার নিগ্রহের ঘটনায় জিরো টলারেন্স নীতি অবলম্বনের নির্দেশ দিয়েছেন সেখানে মুখ্যমন্ত্রীর সতর্ক বার্তা উপেক্ষা করে মাঝে মাঝেই রোগীদের সঙ্গে আসা লোকজন ডাক্তারদের মারধর করতে উদ্যত হচ্ছেন। কোনও সরকারি হাসপাতালে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে প্রশাসনের নিশ্চয়তা দাবি করেছেন জুনিয়র ডাক্তাররা।
বাংলায় পটকা ফাটানোয় নিষেধাজ্ঞা, দীপাবলি ও ছটে ২ ঘণ্টার ছাড় গ্রিন ক্র্যাকারে