
শেষ আপডেট: 5 September 2023 12:20
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে পড়ে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর (JU student death) ঘটনায় তদন্তের পর পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করেছে অভ্যন্তরীণ তদন্ত কমিটি। সেই রিপোর্টে বিশ্ববিদ্যালয়ের চারজন ছাত্রকে আজীবনের জন্য বহিষ্কার করার সুপারিশ করা হয়েছে। তার পাশাপাশি হোস্টেলে থাকা ২৫ জন প্রাক্তনীকেও হস্টেল ছাড়তে বলার নির্দেশ দেওয়ারও সুপারিশ করেছে কমিটি (internal committee submits report)।
ছাত্রমৃত্যুর ঘটনার পর ঘটনার বিষয় তদন্ত করার জন্য সহ্য উপাচার্যের নির্দেশে এই অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি আগে একটি প্রাথমিক রিপোর্ট দিয়েছিল। তবে মঙ্গলবার ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়েছে তারা। তাতে জানানো হয়েছে, মোট ১৪০ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। সমস্ত বয়ানের ভিডিও রেকর্ডিংও করা হয়েছে। লিখিতভাবেও উত্তর জমা নেওয়া হয়েছে। এই পূর্ণাঙ্গ রিপোর্টে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একাধিক সুপারিশ করেছে কমিটি। তাতে যেমন হস্টেলে থাকা ২৫ জন প্রাক্তনীকে অবিলম্বে হোস্টেল খালি করে দেওয়ার কথা বলা হয়েছে, তেমনি ছাত্রনেতা অরিত্র মজুমদার ওরফে আলুর প্রসঙ্গ উঠে এসেছে।
ক্যাম্পাসে আলু নামে পরিচিত ওই ছাত্র নেতা দাবি করেছিলেন, ৯ অগস্ট অর্থাৎ ঘটনার দিন তিনি হোস্টেলে যাননি। পরের দিন কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানে বেশ কয়েকদিন কাটিয়ে শহরে ফেরার পর ফেসবুকে একটি পোস্ট করে সব কথা জানান তিনি। কিন্তু তদন্তে দেখা গিয়েছিল, ১০ তারিখ কাশ্মীরের উদ্দেশে রওনা হওয়ার কথা বললেও রেজিস্টার খাতায় ১১ তারিখ পর্যন্ত সই রয়েছে তাঁর। জেরার মুখে কাশ্মীরে থাকার দাবি করলেও কীভাবে রেজিস্টার খাতায় তার সই এল, সেই বিষয়টিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে খতিয়ে দেখার সুপারিশ করেছে কমিটি।
এছাড়া র্যাগিংয়ে অভিযুক্ত বেশ কয়েকজন ছাত্রকে কয়েকটি সেমিস্টারের জন্য সাসপেন্ড করার কথাও বলা হয়েছে ওই রিপোর্টে। ১৫ জনকে একটি করে, ১১ জনকে দুটি করে এবং পাঁচজনকে একটি করে সেমিস্টার সাসপেন্ড করার সুপারিশ করেছে কমিটি।
কসবা কাণ্ড: মা ছেড়ে যাওয়ার পর থেকেই অবসাদে ভুগত ওই ছাত্র, দাবি শিশু সুরক্ষা কমিশনের