পিসি ভাইপোকে এবার হাতজোড় করবেন বাংলার মানুষ: মালদহে জেপি নাড্ডা
দ্য ওয়াল ব্যুরো: ফের ‘পিসি-ভাইপো’কে নিশানা বিজেপির। এবার স্বয়ং বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। কৃষক সুরক্ষা অভিযান কর্মসূচিতে যোগ দিতে গতকাল রাতেই কলকাতায় পৌঁছন বিজেপি সভাপতি। এদিন মালদহের কর্মসূচিতে ১০ মিনিট বক্তৃতা করেন তিনি। বক্তৃতা ছোট
শেষ আপডেট: 6 February 2021 10:51
দ্য ওয়াল ব্যুরো: ফের ‘পিসি-ভাইপো’কে নিশানা বিজেপির। এবার স্বয়ং বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। কৃষক সুরক্ষা অভিযান কর্মসূচিতে যোগ দিতে গতকাল রাতেই কলকাতায় পৌঁছন বিজেপি সভাপতি। এদিন মালদহের কর্মসূচিতে ১০ মিনিট বক্তৃতা করেন তিনি। বক্তৃতা ছোট হলেও তার গোটাটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ।
এদিন নাড্ডা বলেন, “আমি রাস্তা দিয়ে আসছিলাম। দেখি সব জায়গায় পিসি-ভাইপোর পোস্টার। হাত জোড় করে রয়েছেন। পিসি-ভাইপো জেনে রাখুন, বাংলার মানুষ আপনাদের নমস্কার করার জন্য তৈরি হয়ে রয়েছেন। তৃণমূল টাটা।”
পিএম কিষান নিধি নিয়ে এদিন ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সমালোচনা করেন নাড্ডা। তিনি বলেন, “বাংলার লক্ষ লক্ষ কৃষকের সঙ্গে বড় অন্যায় করেছেন মমতা দিদি। আর এখন ভোট এসেছে বলে সেই প্রকল্প চালু করতে চাইছেন, তাতেও তঞ্চকতা করছেন।” গত রবিবার ডুমুরজলার সমাবেশে ভার্চুয়াল বক্তৃতায় অমিত শাহ বলেছিলেন, “দিদি কৃষকদের নাম দিয়েছেন কিন্তু অ্যাকাউন্ট নম্বর দেননি।”

জয় শ্রীরাম স্লোগান নিয়েও মমতার বিরুদ্ধে কটাক্ষ করেন নাড্ডা। বিজেপি সভাপতি বলেন, “আমি যখন রাস্তা দিয়ে আসছি তখন কাতারে কাতারে মানুষ শুধু জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। এই মাঠেও কৃষকরা জয় শ্রীরাম বলছেন। কিন্তু দিদিকো ইতনা গুসসা কিঁউ আতা হ্যায়?”
ব্বিজেপি সভাপতির দাবি, রাজ্যে কৃষক সুরক্ষা অভিযানে ৩৫ লক্ষ কৃষক সামিল হয়েছেন। ৩৩ হাজার গ্রামে সেই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। কয়েকদিনের মধ্যেই তা ৪০ হাজারের লক্ষ্যমাত্রা স্পর্শ করবে।
এদিন সমাবেশের পর, ওই মাঠেই কৃষকদের সঙ্গে ‘সহভোজ’ সারেন নাড্ডা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীও ছিলেন। লাল কার্পেটের উপর বাবু হয়ে বসে খিচুড়ি ও পাঁচ মিশালী তরকারি খান জগৎপ্রকাশ নাড্ডা।