দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: হাওড়ার শিবপুর থেকে দিল্লির সিংঘু বর্ডার। দূরত্ব ১৬০০ কিলোমিটার। কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানাতে এই দূরত্ব হাঁটতে শুরু করেছেন নাট্যকর্মী জয়রাজ ভট্টাচার্য। সঙ্গে রয়েছেন তাঁরও দুই বন্ধু।
গত ২৮ ডিসেম্বর হাওড়া থেকে হাঁটা শুরু গতকাল রাতে দুর্গাপুর পৌঁছেছিলেন জয়রাজরা। এদিন সকালে সেখান থেকেই যাত্রা শুরু করেন তাঁরা। বুধবার দুর্গাপুরে জয়রাজ ও তাঁর তিন সহযাত্রীকে সংবর্ধিত করেন, রাজ্যসভার প্রাক্তন সাংসদ জীবন রায়, এবং দুর্গাপুর পূর্বের বিধায়ক সন্তোষ দেবরায়।
পায়ে হেঁটে দিল্লি যাত্রা সম্পর্কে নাট্যকর্মী জয়রাজ বলেন, "ওঁরা আমাদের অন্নদাতা। প্রবল শীতের মধ্যেও রাস্তায় বসে দাঁতে দাঁত চেপে লড়াই করছেন। এরই মধ্যে শহীদ হয়েছেন ৪০জন, কোথাও কোথাও শাসকের লাল চোখের শিকার তাঁরা। তাঁদের প্র্তি সংহতি জানাতেই এই পদযাত্রা।"
আগামী ৫ জানুয়ারি দিল্লিতে পৌঁছনোর কথা জয়ারাজদের। তরুণ এই নাট্যকর্মী আরও বলেন, বাংলার অসংখ্য মানুষও যে তাঁদের এই লড়াইয়ের পাশে রয়েছেন সেই বার্তাই দেব অবস্থানরত কৃষকদের।
লকডাউনের সময় থেকে হাওড়ায় একটি শ্রমজীবী ক্যান্টিন চালান জয়রাজরা। এর আগে দিল্লি গিয়ে কৃষক নেতা হান্নান মোল্লার হাতে ক্যান্টিনের পক্ষ থেকে এক লক্ষ টাকার চেক তুলে দিয়ে এসেছিলেন। এবার পদযাত্রা করে দিল্লির পথে তাঁরা।