
শেষ আপডেট: 7 September 2023 11:53
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: কথিত আছে, শ্রীকৃষ্ণের আবির্ভাবের পর নন্দ উৎসবের দিন তালের (Palm Price) বড়া হয়েছিল গোকুলে। এই বিশ্বাস থেকেই জন্মাষ্টমীর (Janmashtami) দিন তালের বড়ার চল। তবে এবছর তালের চড়া দামে গৃহস্থের নাজেহাল দশা।
শান্তিপুরের গৃহবধূ টুম্পা সরকার বলেন, পরিবারে গোপালকে আনার পর থেকেই তালের বড়া দিয়ে জন্মাষ্টমী পালন করেন তাঁরা। দাম যাই হোক, গোপালের বায়না, তাঁদের মেটাতেই হবে। তাই মহার্ঘ তাল কিনে বাড়িতে নিয়ে যেতে হচ্ছে।
রানাঘাটের বাসিন্দা মলয় কুমার নন্দী বৃহস্পতিবার সকালে জন্মাষ্টমীর বাজার করতে গিয়েছিলেন। দাম শুনে ভোগের মেন্যু থেকে তালের পদ বাদ দিতে বাধ্য হয়েছেন।
তিরিশ বছর ধরে ফুলিয়ায় ফল বিক্রি করছেন অসীম সিকদার। তিনি বললেন, দাম বৃদ্ধি নিয়ে খরিদ্দারকে বোঝাতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। বরং কলকাতা গেলে, এখানকার দু-আড়াইশো টাকার তাল অনায়াসে ৫০০ টাকায় বিক্রি হত। তবে ফল বিক্রেতা বিশ্বজিৎ কুণ্ডু তালের দাম বেড়ে যাওয়া নিয়ে অন্য যুক্তি দিচ্ছেন। তিনি বলছেন, এবার জন্মাষ্টমীর তিথি অনেকটাই দেরিতে পড়েছে, গাছে তাল নেই, তাই দামও একটু চড়া।
শান্তিপুর রেলবাজারের, ফল বিক্রেতা তারক বৈরাগী বলেন, ‘কয়েকদিন আগেও, ফুটপাতের দোকানে তাল উঠবে তা ভাবিনি। বর্তমানে দোকানের সবচেয়ে মূল্যবান ফল হয়ে দাঁড়িয়েছে এই তাল।‘
ভাদ্র মাসে অন্যান্য ফল খুব বেশি না থাকলেও, গাছে প্রচুর তাল পাওয়া যায়৷ তাই জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণেরও পছন্দ তালের বড়া, তালক্ষীর ও লুচি। ভোগে এই পদই থাকবে না তা কী করে হয়! তাই তাল কিনে বাড়িতে গোপালের ভোগ না করতে পেরে অনেকেই মিষ্টির দোকানেই খুঁজে বেড়াচ্ছেন তালের পদ। মালপোয়া, তালের বড়া, তিল-নারকেলের নাড়ুর পসরা সাজিয়ে বসেছেন মিষ্টি ব্যবসায়ীরা।
শান্তিপুর কাশ্যপ পাড়ার বহু দিনের মিষ্টি ব্যবসায়ী অনিতা ইন্দ্র বলেন, ‘ইদানীং ঝামেলা-ঝঞ্ঝাট এড়াতে বাড়িতে ভোগের আয়োজন না করে ছোট ছোট পরিবারগুলি মিষ্টির দোকানের উপর নির্ভর করে। তাই তাঁদের জন্য গোপালের ভোগের সমস্ত রকমের পদ রাখার চেষ্টা করছি। গতবার ৪০ টাকা পাইকারি দামে তাল কিনেছিলাম। কিন্তু একবার ১০০ টাকায় সেই তাল কিনেছি। তাই ভোগের মিষ্টির দামও সামান্য কিছুটা বাড়াতে হয়েছে।‘
মিষ্টির দোকানে তালের বড়া কিনতে আসা অতসী প্রামাণিক জানান, ঠাকুরের জিনিস বাড়িতে বানালে ছোঁয়াছুয়ি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মিষ্টির দোকান থেকে ভোগের পদ কেনা নিরাপদ।
আরও পড়ুন: 'সেলফি লে লে…', ইসরোর সূর্যযান পৃথিবী-চাঁদের সঙ্গে নিজের ছবি তুলে পাঠাল