
শেষ আপডেট: 12 June 2023 09:06
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: একসময়ে তাঁকে লড়িয়েই দোমোহনীর এলাকার পঞ্চায়েতের ক্ষমতা বামের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল তৃণমূল। নীচুতলার কর্মীদের সঙ্গে দলের সমন্বয় গড়ে তুলতে তিনি চিরকাল মুখ্য ভূমিকা পালন করে এসেছেন। কিন্তু এবারের পঞ্চায়েত ভোটের মনোনয়ন শুরু হতেই দল থেকে সরে দাঁড়ালেন দোমোহনী তৃণমূলের অঞ্চল সভাপতি রবিন ঘোষ। বেশ কয়েকজন অনুগামীকে নিয়ে তিনি দল থেকে ইস্তফা দিয়েছেন বলেই জানিয়েছেন রবিনবাবু। ইতিমধ্যে সেই ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন জেলার শীর্ষ নেতৃত্বকে।
পঞ্চায়েত ভোটের আগে অঞ্চল সভাপতির ইস্তফা দেওয়ায় আলোড়ন পড়ে গিয়েছে ময়নাগুড়ি ব্লকে। এই ঘটনা আদি-নব্যের দ্বন্দ্বকেও বেশ উস্কে দিয়েছে। নিজের ক্ষোভ উগড়ে দিয়ে রবিন ঘোষ জানিয়েছেন, 'যখন দলে লোক ছিল না, তখন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলাম। দল ক্ষমতায় আসার পর ২০১৩ সালে যখন এই দোমোহনী অঞ্চল থেকে তৃণমূল প্রার্থী পাচ্ছিল না, তখন আমি দাঁড়িয়ে এই এলাকা থেকে জিতেছি। আমরাই এই এলাকায় সিপিএমের সঙ্গে লড়াই করেছি। দলের মিছিলে লোক পাঠানো থেকে শুরু করে যে কোনও বিপদে আমরা পাশে ছিলাম। এখন দলের সুদিন এসেছে, কিন্তু ব্লক সভাপতি আমাদের পাত্তা দেন না।আমার সঙ্গে যোগাযোগ পর্যন্ত রাখেন না।'
উল্লেখ্য, ধূপগুড়িতে জনসভা করতে যাওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় আটকে তিনি দোমোহনী হাটের বেহাল দশার কথা তুলে ধরেছিলেন। এরপরেই সভাধিপতি উত্তরা বর্মনকে ফোন করে দ্রুত হাটের শেড নির্মাণ করার ব্যবস্থা নিতে বলেছিলেন অভিষক। তাঁর নির্দেশ মতো খুব তাড়াতাড়ি হাটের হাল ফেরে।
ইস্তফা দেওয়ার পর রবিনবাবুর আরও দাবি, তৃণমূল ছাড়ার খবর পেয়েই তাঁদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছে বিজেপি নেতারা। এই মুহূর্তে তাঁরা কোনও সিদ্ধান্তই নেননি। আলোচনা করেই তাঁরা তাঁদের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবেন।
যদিও বিষয়টি নিয়ে তৃণমূলের ময়নাগুড়ি ব্লক ১ এর সভাপতি তথা পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় বলেন, 'রবিনবাবু পদত্যাগপত্র আমি পেয়েছি। তবে ওনার অভিযোগ সঠিক নয়। কারণ ময়নাগুড়ি ব্লকে হাজার হাজার মানুষ তৃণমূলের সঙ্গে যুক্ত রয়েছেন। তার মধ্যে মাত্র কয়েকজনকে নিয়ে অঞ্চল কমিটি। তাতে উনিও রয়েছেন। তার মানে দল ওনাকে যোগ্য সম্মান দিয়েছে। এবার ওনার কাজ সেই আসনকে অলঙ্কৃত করা। যাইহোক আমি ওনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করব। তবে পঞ্চায়েত ভোটে এর প্রভাব দোমোহনী অঞ্চলে পড়বে না। '