
শেষ আপডেট: 13 March 2024 18:02
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ব্রিগেডের পরে এবার জেলায় জেলায় জনগর্জন সভা করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। বৃহস্পতিবার ময়নাগুড়ির জনসভা থেকে প্রথম নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে এই সভা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।
বিজেপির অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার জন্য এলাকার একাধিক স্কুলে আগাম ছুটি দেওয়া হয়েছে। সেখানে রাখা হয়েছে সভার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের।
বুধবার বিজেপির প্রতিনিধিরা বন্ধ স্কুলগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে যান। তাঁরা সেখানে গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথাও বলেন। এরপর সেখানে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, স্কুল বন্ধ করে ছেলেমেয়েদের পঠনপাঠনের ক্ষতি করছে। তাতে মিড ডে মিলও খেতে পাচ্ছেন না পড়ুয়ারা। তাদের দাবি, শাসকদলের স্বৈরাচারী মনোভাবের জন্য পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। যদিও এই নিয়ে স্কুল কর্তৃপক্ষ মুখ খুলতে চাননি।
বিষয়টি নিয়ে ডিআই বালিকা গোলের দাবি, এই জাতীয় কোনও খবর তাঁর কাছে নেই। তিনি বিষয়টি নিয়ে কিছুই জানেন না। জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন, ফোর্সের থাকার জন্য কোনও স্কুল নেওয়া হয়নি।
প্রশাসনের এসব কথা মানতে নারাজ বিজেপি। তাঁদের অভিযোগ, ময়নাগুড়ি হাইস্কুল, ময়নাগুড়ি গার্লস স্কুল, ময়নাগুড়ি সুভাষ নগর হাইস্কুল, ময়নাগুড়ি শহীদগড় হাইস্কুল, ময়নাগুড়ি খাগড়াবাড়ি গার্লস হাইস্কুলে কোনও পঠনপাঠন হয়নি। সেখানে নিরাপত্তারক্ষীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বুধবার থেকে স্কুল বন্ধ। তবে তৃণমূলের ব্লক সভাপতি মনোজ রায় জানান, এসব প্রশাসনের ব্যাপার, তাঁরা কিছু জানে না। নির্বাচনের সময় যখন কেন্দ্রীয় বাহিনী আসবে, তাঁদের থাকার জন্য স্কুলগুলো ব্যবহৃত হবে, সে সময় স্কুলের পঠনপাঠন বন্ধ থাকবে। বিজেপি তখন প্রতিবাদ করবে তো?