
শেষ আপডেট: 5 April 2024 14:39
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: কারও ছিল বিজ্ঞান পরীক্ষা। কারও ভূগোল। তবে পরীক্ষা দিতে এসে পড়ুয়ারা জানতে পারে স্কুল বন্ধ। বাতিল করা হয়েছে পরীক্ষাও। তাই সকাল সকাল স্কুলে এসেই ফিরে যেতে হল জলপাইগুড়ির অরবিন্দ মাধ্যমিক উচ্চতর বিদ্যালয়ের ছাত্রদের।
শুক্রবার জলপাইগুড়ি এ বি পি সি ময়দানে নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী। এই মাঠ থেকে ঢিল ছোড়া দূরত্বে অরবিন্দ মাধ্যমিক উচ্চতর বিদ্যালয়। মুখ্যমন্ত্রীর সভার নিরাপত্তার জন্য বৃহস্পতিবার রাতে এই স্কুলে চলে আসে পুলিশ। ক্যাম্প করে এখানে। ফলে কোনও অবস্থাতেই স্কুলে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।
এদিন ভূগোল পরীক্ষা ছিল ক্লাস সেভেনের ছাত্র শান্তনু রায়ের। সে বলে, "ভাল করে পড়াশোনা করেই পরীক্ষা দিতে এসেছিলাম। এখানে আসার পর জানতে পারি স্কুল বন্ধ। তাই বাড়ি ফিরে যাচ্ছি। কবে পরীক্ষা হবে জানি না।" ক্লাস সিক্সের ছাত্র অঙ্কুশ রায়ের ছিল বিজ্ঞান আর স্বাস্থ্যের পরীক্ষা। সেও বলে, "পরীক্ষা দিতে এসেছিলাম। কিন্তু স্কুল বন্ধ। তাই বাড়ি চলে যাচ্ছি।" স্কুলে যে পুলিশ ক্যাম্প হয়েছে। তা অবশ্য জানা নেই পড়ুয়াদের।
স্কুলের সহকারী শিক্ষক প্রদীপ দেবনাথ জানান, বৃহস্পতিবার রাতে তাঁরা জানতে পারেন স্কুলে পুলিশ ক্যাম্প হবে। স্কুলে পরীক্ষা ছিল। তাই হোয়াটস অ্যাপ গ্রুপে সঙ্গে সঙ্গে পড়ুয়াদের খবর পাঠানো হয়। কিন্তু অনেকের কাছে স্মার্ট ফোন না থাকায় জানতে পারেনি। তারাই এদিন সকালে স্কুলে চলে আসে। পরে নোটিস দেখে ফিরে যায়।