
রামকৃষ্ণ মিশনে হামলার অভিযোগ
শেষ আপডেট: 20 May 2024 20:45
দ্য় ওয়াল ব্যুরো শিলিগুড়ি: আগ্নেয়াস্ত্র নিয়ে রামকৃষ্ণ মিশনে উপর হামলার অভিযোগ উঠল। মঠের বিশাল পরিমাণ জমি দখলের জন্যই এই হামলা বলে জানা গেছে। রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় উদ্বিগ্ন শহরের সাধারণ মানুষও।
শিলিগুড়ির সেবক রোডের চার মাইলে প্রায় দুই একর জমির উপর রয়েছে এই মঠ। সেবক হাউজ নামেই এর পরিচিতি। এটি জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের অধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, এক ব্যক্তি এই জমি দান করেছিলেন রামকৃষ্ণ মিশনকে। পরবর্তীতে সেই জমির মালিকানা নিয়ে মামলা হলেও আদালতের রায় গিয়েছে মিশনের পক্ষেই। সম্প্রতি এখানে একটি স্কুল তৈরির পরিকল্পনা করেছে মিশন। কিন্তু কয়েক কোটি টাকা দামের ওই জমি দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে এলাকার জমি মাফিয়ারা। শনিবার গভীর রাতে তারাই সেবক হাউজে হামলা চালায়।
অভিযোগ, রাত সাড়ে তিনটে নাগাদ দশ-বারোজন দুষ্কৃতী জোর করে সেবক হাউজে ঢুকে সাতজন কর্মীকে তুলে নিয়ে যায়। তাঁদের মধ্যে দুজন নিরাপত্তারক্ষী। এরপর নিউ জলপাইগুড়ি রেলস্টেশন লাগোয়া বিভিন্ন এলাকায় ছেড়ে দেয় তাঁদের। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সন্ন্যাসীরা। ঘটনা জানাজানি হতে উদ্বিগ্ন হয়ে পড়েন এলাকার মানুষও। আশ্রমের সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দ বলেন, " পাঁচ কর্মীকে অপহরণ করে একেকজনকে রাতের অন্ধকারে একেক জায়গায় ছেড়ে দেওয়া হয়। মারধর করে তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। মুখ খুললে খুন করে ফেলারও হুমকি দেয়। এই ঘটনায় আমরা আতঙ্কিত। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি।"
সূত্রের খবর, ওই জমি বিক্রির জন্য বেলুড় মঠে মিশনের পদাধিকারীদের কাছেও বেশ কয়েকবার ফোন করেছিল দুষ্কৃতীরা। তাতে লাভ না হওয়ায় এবার ভয় দেখিয়ে জমি দখলের চেষ্টা শুরু হল। শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার (হেড কোয়ার্টার) তন্ময় সরকার অবশ্য বলেন, "অভিযোগ পেয়েছি। তার ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আইন মেনে পদক্ষেপ করা হবে।"