
শেষ আপডেট: 2 October 2022 08:18
দ্য ওয়াল ব্যুরো: ষষ্ঠীর সন্ধ্যে থেকেই শুরু হয়েছিল মদ খাওয়া (drinking)। রাত করে কোনও মতে বেসামাল অবস্থায় বাড়ি ফিরছিল স্বামী। তাই নিয়ে আপত্তি জানিয়েছিলেন স্ত্রী (wife)। তার ফল হল মর্মান্তিক। মদের বোতল (glass bottle) দিয়ে মাথায় মেরে স্ত্রীকে খুন (kills) করল স্বামী।
ঘটনাটি ঘটেছে শনিবার রাতে জলপাইগুড়ির (Jalpaiguri) বানারহাটে। মৃত মহিলার নাম বেরশো বরা। অভিযুক্তের নাম সমীর বরা। সূত্রের খবর, নিউ ডুয়ার্স চা বাগানের হাসপাতাল লাইনের বাসিন্দা সমীর ষষ্ঠীর দিন সন্ধ্যা থেকেই মদ্যপান করছিল। মদ্যপ অবস্থায় সে বাড়ি ফিরলে সেই নিয়ে বেরশোর সঙ্গে অশান্তি শুরু হয় তার। রোজ রোজ মদ খাওয়া নিয়ে আপত্তি জানান বেরশো। তাতেই রাগের মাথায় কাচের বোতল তুলে স্ত্রীর মাথায় তা দিয়ে আঘাত করে সমীর। সঙ্গে সঙ্গে ভেঙে যায় বোতলটি। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বেরশো।
সারারাত সেই অবস্থাতেই ঘরে পড়েছিলেন ৪৫ বছর বয়সি ওই মহিলা। এর মাঝেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় চামুরচি থানার পুলিশ। তারাই বেরশোর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত স্বামী সমীরকে। তাকে বানারহাট পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সত্যিই মদ্যপান নিয়ে বচসাকে কেন্দ্র করে খুন, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।