
শেষ আপডেট: 28 January 2024 16:57
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: আজ, রবিবার রাহুল গান্ধীর ন্যায় যাত্রার কর্মসূচি নিয়ে দিনভর ঘটনাবহুল জলপাইগুড়ি। যাত্রা শুরুর আগেই কংগ্রেস নেতাদের সঙ্গে পুলিশের বচসা হয়েছে। এর মধ্যেই ক্রিশ্চান সম্প্রদায়ের মানুষরা অধীর চৌধুরীর মন্তব্য ঘিরে কোতোয়ালি থানায় বিক্ষোভ দেখালেন। তাঁদের দাবি, অধীরবাবুকে তাঁদের কাছেও ক্ষমা চাইতে হবে।
আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধীদের ইন্ডিয়া জোটে কংগ্রেস কী ভূমিকা নেবে তাই নিয়ে আলোচনা চলছে বিগত মাস খানেক ধরে। জোটের সমীকরণ খুঁজে চলেছে সব দলই, আবার একই সঙ্গে নিজেদের পায়ের তলায় জমি যাতে দূর্বল না হয় সে ব্যাপারেও সচেতনতা রয়েছে ষোলো আনা। এই নিয়ে টানাপড়েন চলছে সর্বত্র। বঙ্গে তৃণমূল ও কংগ্রেসের জোটের ভবিষ্যৎ যথেষ্টই ক্ষীণ। এই রাজ্যে জোটের সম্ভাবনা নষ্ট করার জন্য অধীর চৌধুরীকেই দায়ী করেছিলেন তৃণমূল নেতা ও সাংসদ ডেরেক ও ব্রায়ন। এর পরেই ডেরেককে 'বিদেশি' বলে উল্লেখ করেছিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। পরে অবশ্য তাঁর এই মন্তব্যের জন্য ক্ষমাও চেয়ে নেন অধীরবাবু। টুইটে তিনি লেখেন, '' আমি ডেরেকের কাছে দুঃখ প্রকাশ করেছি। অসাবধানতাবশত (বা অজান্তে) ওঁকে বিদেশি বলে ফেলেছি।''
যদিও এই ক্ষমায় সন্তুষ্ট নন ডুয়ার্সের বিভিন্ন চা বাগানের ক্রিশ্চান সম্প্রদায়ের মানুষ। তাঁদের দাবি, '' আমাদেরও এই দেশে নাগরিক হিসাবে বাঁচার অধিকার রয়েছে । এই ভাবে ক্রিশ্চান সম্প্রদায়ের মানুষদের বিদেশি বলা ঠিক নয়। এতে চা বাগানের ক্রিশ্চানরা মনে আঘাত পেয়েছেন। অধীরবাবুকে তাঁদের কাছেও আরও একবার ক্ষমা চাইতে হবে।''
জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে রবিবার দুপুরে ক্রিশ্চান সম্প্রদায়ের প্রতিনিধিরা জড়ো হয়ে বিক্ষোভ দেখান। এরপরে থানায় গিয়ে একটি ডেপুটেশন জমা দেন।