
শেষ আপডেট: 8 September 2023 13:58
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: স্কুলে ক্লাস চলাকালীন খুলে পড়ল সিলিং ফ্যান। ফ্যানের ব্লেডের আঘাতে জখম দুই খুদে পড়ুয়া শুক্রবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জগৎবল্লভপুর (Jagatballavpur School) কালীতলা বাজার এলাকার গোপেন্দ্র স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে। আহত দুই শিশু ওই স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। একজনের মাথায় গুরুতর চোট লাগে। অন্যজনেরও আঘাত চোখ এবং মাথায়। তবে স্কুল কর্তৃপক্ষ ফ্যান খুলে পড়ার কথা অস্বীকার করেছে। তাঁদের দাবি, বাচ্চারাই হইহই করার সময় পড়ে গিয়ে জখম হয়েছে।
যদিও এই ঘটনার কথা অস্বীকার করেন স্কুলের প্রধানশিক্ষক প্রবীর শেঠ। তিনি বলেন, “হুড়োহুড়ি করতে গিয়ে বেঞ্চ থেকে পড়ে সামান্য আঘাত লেগেছে দুই পড়ুয়ার। সবাই সুস্থ আছে। পাখা খুলে দুর্ঘটনা ঘটেনি।” তবে হাওড়া জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ বলেন, “ওই স্কুলে পাখা খুলে বেঞ্চের ওপর পড়েছে। কীভাবে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কোনও পড়ুয়া গুরুতর জখম হয়নি। একজনের সামান্য আঘাত লেগেছে।”
এই ঘটনার পর জেলার সমস্ত প্রাথমিক স্কুলে যাতে ঠিকমতো রক্ষণাবেক্ষণ হয়, তার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রণক্ষেত্র রানিনগর, অধীর চৌধুরীর সভার পর থানায় ইটবৃষ্টি