
শেষ আপডেট: 24 August 2023 10:58
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় (Jadavpur student death) একের পর এক তোপ দেগেই চলেছেন শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভার অধিবেশনে বিরোধী দলনেতা দাবি করেন, যাদবপুরে মাদক পাচার চক্র সক্রিয় ছিল। বৃহস্পতিবার আরও এক ধাপ এগিয়ে শুভেন্দু দাবি করলেন, বিশ্ববিদ্যালয়ের ভিতরে গাঁজা-চরস-হেরোইনের রমরমা। এমনকী, বিশ্ববিদ্যালয় চত্বরের ভিতরেই তা চাষ হয় বলেও দাবি তাঁর। এই নিয়ে ইতিমধ্যেই এনআইএ তদন্তের দাবি করেছেন বলে জানিয়েছেন তিনি (Suvendu Adhikary wants NIA)।
উল্লেখ্য, যাদবপুরে ক্যাম্পাসে এবং হস্টেল চত্বরে যে মদ-গাঁজার আসর বসত, এলাকাবাসীদের মধ্যে অনেকেই সেই অভিযোগ করেছেন। এমনকী, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে যে প্রতিদিন ৩০-৩৫ কেজি করে মদের বোতল তুলে নিয়ে যান সাফাইকর্মীরা, সে খবরও দ্য ওয়াল আগেই দিয়েছিল। বস্তুত, বাংলা বিভাগের প্রথম বর্ষের এই পড়ুয়ার মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নেশা করার বিষয়টি একাধিকবার বিরোধীদের নিশানা হয়েছে।
যদিও বিরোধী দলনেতার এমন অভিযোগের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, মাদক পাচারের ঘটনা ঘটলে তার জন্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) রয়েছে। সেদিনের সেই বক্তব্যের পর বৃহস্পতিবার আরও এক ধাপ এগিয়ে এনআইএ তদন্তের দাবি করলেন শুভেন্দু অধিকারী।
যাদবপুরে কী হয়েছিল অভিশপ্ত সেই রাতে, ছাত্র মৃত্যুর ঘটনার আরও ৫ পড়ুয়াকে পুলিশি তলব